Tanay Shastri: তনয় শাস্ত্রীর পাশে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি! মিমির বিরুদ্ধে বনগাঁ আদালতে দায়ের পরপর দু’টি মামলা
Tanay Shastri on Mimi: তনয় শাস্ত্রীর দাবি, ওই অনুষ্ঠানের জন্য মিমি চক্রবর্তীকে অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে আসেননি। শুধু তাই নয়, উল্টে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই প্রেক্ষিতে মিমির বিরুদ্ধে মূলত দু’টি মামলা দায়ের করা হয়েছে।

বনগাঁ: টানাপোড়েনের যেন শেষ নেই। আইনি বিপাকে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। চুক্তি অনুযায়ী টাকা নিয়েও অনুষ্ঠানে না আসা, মানহানিকর মন্তব্যের অভিযোগে এবার মিমির বিরুদ্ধে বনগাঁ মহকুমা আদালতে মামলা দায়ের করলেন তনয় শাস্ত্রী। সোমবার তনয় শাস্ত্রীর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারিই এই মামলা করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই আবার মিমির করা কেসে জামিনে মুক্ত হয়েছেন এই তনয়। এবার যে অনুষ্ঠান নিয়ে এত কাণ্ড ফের নিজের অভিযোগে সেই প্রসঙ্গই তুলছেন তিনি।
তনয় শাস্ত্রীর দাবি, ওই অনুষ্ঠানের জন্য মিমি চক্রবর্তীকে অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে আসেননি। শুধু তাই নয়, উল্টে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। এই প্রেক্ষিতে মিমির বিরুদ্ধে মূলত দু’টি মামলা দায়ের করা হয়েছে। মানহানির মামলায় ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। পাশাপাশি চুক্তিভঙ্গের অভিযোগও আনা হয়েছে। অনুষ্ঠানের জন্য নেওয়া অগ্রিম ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের দাবিও করা হয়েছে। দু’টি মামলাই হয়েছে বনগাঁ আদালতে।
এর আগে এই একই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি মিমিকে আইনি নোটিসও পাঠানো হয়েছিল। এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়াল। এখন দেখার, এই আইনি লড়াই কোন দিকে মোড় নেয়। তনয় শাস্ত্রী যদিও বলছেন, “মিমি অনুষ্ঠানের জন্য টাকা নিয়েও ঠিক সময়ে আসেননি। উল্টে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন। সে কারণেই বনগাঁ আদালতে মামলা করা হল। আইনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আদালত সঠিক বিচার করবে।”
