Agnimitra paul: অগ্নিমিত্রার প্রচারে সাড়া নেই? বিজেপি প্রার্থী বললেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে’

Asansol: অগ্নিমিত্রা পালের অভিযোগ, "ভয় ও সন্ত্রাসের রাজত্ব চলছে।" সোমবার দুপুরে এলাকায় পৌঁছনোর পর অগ্নিমিত্রা পাল দাবি করেন, গ্রামের সাধারণ মানুষ তৃণমূল ক্যাডারদের ভয়ে গৃহবন্দি হয়ে আছেন। তাঁর অভিযোগ, ​অস্বাভাবিক নিস্তব্ধতা। দুপুর সাড়ে ১২টা বাজলেও গ্রামের প্রতিটি বাড়ির দরজা বন্ধ এবং কোনও শিশুকেও বাইরে দেখা যায়নি যা অত্যন্ত অস্বাভাবিক।

Agnimitra paul: অগ্নিমিত্রার প্রচারে সাড়া নেই? বিজেপি প্রার্থী বললেন, তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখাচ্ছে
অগ্নিমিত্রা পাল, বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2026 | 7:14 PM

আসানসোল: প্রচারে বেরিয়েছেন আসানসোলের বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পাল। তবে, গ্রামের লোকদের সাড়া না পেয়ে বিব্রত বিজেপি প্রার্থী। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চেলোদ এলাকায় প্রচারে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রচার চলাকালীন অধিকাংশ বাড়িতে সাড়া পাননি তিনি। জনশূন্য রাস্তাঘাট দেখে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।

​অগ্নিমিত্রা পালের অভিযোগ, “ভয় ও সন্ত্রাসের রাজত্ব চলছে।” সোমবার দুপুরে এলাকায় পৌঁছনোর পর অগ্নিমিত্রা পাল দাবি করেন, গ্রামের সাধারণ মানুষ তৃণমূল ক্যাডারদের ভয়ে গৃহবন্দি হয়ে আছেন। তাঁর অভিযোগ, ​অস্বাভাবিক নিস্তব্ধতা। দুপুর সাড়ে ১২টা বাজলেও গ্রামের প্রতিটি বাড়ির দরজা বন্ধ এবং কোনও শিশুকেও বাইরে দেখা যায়নি যা অত্যন্ত অস্বাভাবিক। তাঁর অভিযোগ, তৃণমূল কর্মীরা সাধারণ মানুষকে হুমকি দিয়েছে। অগ্নিমিত্রা পাল এলে কেউ যেন দরজা না খোলে অন্যথায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

​অগ্নিমিত্রা পালের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় পাল্টা যুক্তি দিয়ে বলেন, “এলাকার অধিকাংশ মানুষ দিনমজুরের কাজ করেন। সকালে তাঁরা পাথর খাদান বা ইট ভাটায় চলে যান। সেই কারণেই বাড়িতে লোক কম ছিল। হুমকির কোনও ব্যাপার নেই। স্বরূপবাবু পাল্টা দাবি, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে। তারাই আগামীকাল ছুটি নিয়ে তাপসদাকে অভ্যর্থনা জানাতে ভিড় করবেন।”

একদিকে বিজেপি যখন ‘সন্ত্রাস’ ও ‘ভয়ের পরিবেশ’কে হাতিয়ার করছে, অন্যদিকে তৃণমূল ‘উন্নয়ন’ ও ‘জনসংযোগ’কেই জয়ের চাবিকাঠি মনে করছে। অগ্নিমিত্রা বলেন, “এই গ্রামে প্রচন্ড সন্ত্রাস। তৃণমূলের ক্যাডাররা ভয় দেখাচ্ছে যাতে লোকজন না বের হয়।”

Follow Us