
দুর্গাপুর: প্রচারে বেরিয়েছিলেন তিনি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছিলেন। তখনই এলাকার একদল মহিলা বাড়ির সামনে থেকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে ঝাঁটা দেখান। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আর এই ভিডিয়ো ঘিরেই রাজনৈতিক চাপানউতোর বেড়েছে পাণ্ডবেশ্বরে।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মহিলারা যখন ঝাঁটা দেখাচ্ছিলেন, তখন জিতেন্দ্র তিওয়ারি নমস্কার করেই চলে যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ও কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বিজেপির অভিযোগ, পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশেই মহিলারা এমন করেছেন। তবে বিজেপি প্রার্থীকে ঝাঁটা দেখানো নিয়ে ওই মহিলারা বলছেন, “ঝাঁটা দেখাব না তো কী করব? শরবত খাওয়াব? ভোটার তালিকা থেকে নাম কেটে দিয়েছে।”
আর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন, “ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা বাংলার মানুষ ফুঁসছে। মানুষকে কষ্ট দেওয়া, নাম কেটে দেওয়া, এই কষ্ট কেউ চাপা দিয়ে রেখেছে। ভোটের বাক্সে সেই ক্ষোভ উগরে দেবে। আর কেউ কেউ বিজেপিকে দেখে ক্ষোভ উগরে দিয়েছে।”
জিতেন্দ্র তিওয়ারি অবশ্য বলছেন, “তার আগে বেশ কিছু মহিলা মিষ্টি খাইয়েছেন। ফুল ছড়িয়েছেন। সংখ্যালঘু এলাকায় কয়েক জন মহিলা ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিলেন। ভেবেছিলেন আমি যাব না। কিন্তু আমি গিয়েছি। তাঁরা ঝাঁটা দেখিয়েছেন, আমি প্রণাম করে চলে এসেছি।” এরপরই তিনি বলেন, “পুরুষশাসিত সমাজে পুরুষরা মহিলাদের দিয়ে নিজেদের ইচ্ছের কাজগুলো করান। নিজেরা পারেননি। তাই বাড়ির মেয়েদের ঝাঁটা দেখাতে বলেছেন। তবে আমি চাইব, এইসব মহিলাদের হাতে আগামী দিনে ঝাঁটার বদলে কম্পিউটার থাকবে। তারা পড়াশোনা করবে। ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার হবে। আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।”