Paschim Medinipur: ‘বিপ বিপ বিপ…’ মদ খেয়ে বউকে নিয়ে পুরসভায় ঢুকে ভয়ঙ্কর কাণ্ড কাউন্সিলরের

TMC Councilor: ইতিমধ্যেই গোটা ঘটনার কথা উপরতলায় জানিয়েছেন বলে জানাচ্ছেন চেয়ারম্যান। অন্যদিকে ফাল্গুনী বলছেন, “ওদের দুর্নীতিগুলো আমি জানতে পেরেছি। সাধারণ মানুষকে এতদিন বোকা বানানো হচ্ছিল। সেই সব ডকুমেন্ট আমার কাছে রয়েছে। সে জন্যই ওরা আমার উপর চড়াও হয়েছে। আমাকে আগে মারধর করেছে।”

Paschim Medinipur: ‘বিপ বিপ বিপ…’ মদ খেয়ে বউকে নিয়ে পুরসভায় ঢুকে ভয়ঙ্কর কাণ্ড কাউন্সিলরের
শোরগোল জেলার রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 11, 2026 | 9:24 PM

পশ্চিম মেদিনীপুর: পৌরসভার অফিসে ঢুকে চেঁচামেচি কাউন্সিলরের। শুধু চেঁচামেঁচি বললে ভুল হবে, এমন অকথ্য শব্দ চয়ন করলেন সেই ভিডিয়ো প্রকাশ্যে দেখাতে গেলে বিপ দেওয়া ছাড়া কোনও উপায় রইল না। তাঁর ক্ষোভ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে। আর সেই ক্ষোভ উগরে দিলেন এক্কেবারে মত্ত অবস্থায়। যে কাউন্সিলরকে নিয়ে এত কাণ্ড তিনি ফাল্গুনী মিশ্র। পুরো কাজটাই করলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়ার পৌরসভায়। কাউন্সিলরের দাবি পৌরসভা পুরসভার নিয়ম মেনে কাজ হচ্ছে না। চেয়ারম্যানকে একাধিকবার জানিও কোনও লাভ হয়নি। তিনি আবার বিজেপির টিকিটে জিতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে গোটা ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই। মত্ত অবস্থায় এসে কিসের প্রতিবাদ, পাল্টা প্রশ্ন তুলছেন তিনি। তাঁর দাবি, বিজেপির সঙ্গে আঁতাত করেই এই কাণ্ড করেছেন ফাল্গুনী। 

ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলেও চলছে ব্যাপক চাপানউতোর। পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই বলছেন, “ও বিজেপির কাউন্সিলর ছিল। আমাদের দলের উপরতলার নেতাদের ধরে আমাদের দলে ঢুকেছিল। আমি মনে করি না ও আমাদের দলের কাউন্সিলর হিসাবে জয়েন করেছে। আমার মনে হয় ওর বিজেপির সঙ্গেই আঁতাত রয়েছে। ও যেদিন যেদিন এখানে আসে সেদিনই ও ভাল অবস্থায় থাকে না। মদ্যপ অবস্থাতেই আসে। উল্টো-পাল্টা কথা বলে।”  

ইতিমধ্যেই গোটা ঘটনার কথা উপরতলায় জানিয়েছেন বলে জানাচ্ছেন চেয়ারম্যান। অন্যদিকে ফাল্গুনী বলছেন, “ওদের দুর্নীতিগুলো আমি জানতে পেরেছি। সাধারণ মানুষকে এতদিন বোকা বানানো হচ্ছিল। সেই সব ডকুমেন্ট আমার কাছে রয়েছে। সে জন্যই ওরা আমার উপর চড়াও হয়েছে। আমাকে আগে মারধর করেছে। আর চেয়ারম্যান তো বললেই হল না, ওনাকে প্রমাণ করতে হবে আমি বিজেপির হয়ে কাজ করছি।”