
ঘাটাল: ভরদুপুরে অফিসে তখন মিটিং চলছে। তারই মধ্যে আচমকা এই ঘটনা। হতবাক অফিসের কর্মী থেকে উপস্থিত সব মানুষজন। সবার মাঝেই একটা বোতল খুলে মুখে ঢেলে দিলেন একটি তরল। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ঘটনা। বিডিও অফিসের মধ্যেই যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। জানা গিয়েছে, এদিন বিডিও অফিসে গিয়ে এক গৃহবধূর নাম ধরে ডাকতে থাকেন ওই যুবক। তারপর তাঁকে ডেকে সিঁড়ি থেকে ফেলে দেন। ওই মহিলার সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তাই বিডিও অফিস ক্যাম্পাস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বলেই জানা যাচ্ছে।
বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। ঘটনায় শোরগোল শুরু হয়েছে বিডিও অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লক বিডিও অফিস ক্যাম্পাসে সকলেই কাজে ব্যস্ত ছিলেন তখন। দ্বিতল রুমে চলছিল মিটিং। সেখানেই উপস্থিত ছিলেন সেল্ফ হেল্প গ্রুপের সদস্যা ওই মহিলা। এরপর রুপার উপর চড়াও হন ওই যুবক। অভিযুক্তের নাম অরিন্দম ভট্টাচার্য।
মহিলাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বছর কয়েক আগে ওই যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বন্ধুত্বের সম্পর্ক। পরে আর কোনও যোগাযোগ রাখেননি তাঁরা। কী কারণে ওই যুবক এমনটা করল, তা বুঝতে পারছেন না বলে দাবি মহিলার। এই ঘটনায় হতবাক খোদ বিডিও।
ইতিমধ্যে যুবককে চন্দ্রকোনার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল প্রথমে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে স্থানান্তরিত করা হয় অন্যত্রে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না করলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।