Mamata Banerjee on central forces: ‘মেয়েদেরও শরীর চেক করা হবে… এত সস্তা!’, ভোট-আবহে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর
কেন বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর এজেন্টদের বাইরে রাখা হবে, সেই প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, "ভোট তো সিআরপিএফ দেবে না, দিতেও দেবেন না। বিহারে ওরা ছাপ্পা মেরেছে। বুথ এজেন্ট বাইরে বসবে কেন? ভিতরে থাকবে সেন্ট্রাল ফোর্স?"

কালনা: নির্বাচন ক্রমশ এগোচ্ছে। দফায় দফায় বাহিনী পাঠানো হচ্ছে রাজ্যে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হবে দু দফার ভোট। রাজনৈতিক দলগুলির প্রচারও মধ্যগগনে। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নিরাপত্তার নামে মহিলাদেরও তল্লাশি করা হবে বলে ঠিক করেছে কেন্দ্রীয় বাহিনী। এর জন্য এক বিশেষ সংস্থাকে নিযুক্ত করা হয়েছে বলেও দাবি করেন মমতা।
কেন বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর এজেন্টদের বাইরে রাখা হবে, সেই প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেন, “ভোট তো সিআরপিএফ দেবে না, দিতেও দেবেন না। বিহারে ওরা ছাপ্পা মেরেছে। বুথ এজেন্ট বাইরে বসবে কেন? ভিতরে থাকবে সেন্ট্রাল ফোর্স? আর একটা ইউনিট নিযুক্ত করেছে যাতে আপনারা ভোট না দিতে পারেন। নাম বলছি না, কার বেনামি সংস্থা।”
শুধু তাই নয়, মমতা আরও বলেন, “আইটিবিপি, বিএসএফের ডিজি এসেছিলেন। তাঁরা সব বলেছেন, মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা! মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপর যা করার করবেন।” কার্যত আধাসেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা।
মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে প্ররোচণা বলে দাবি করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এটা সরাসরি প্ররোচনা। সংবিধানর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে টার্গেট করা হচ্ছে। যাঁরা এটা করছে, তাঁদের জনসভা করার অধিকার বাতিল করা উচিৎ, প্রার্থীপদও বাতিল করা উচিত, আইন এমনটাই বলে থাকে। এটা চলতে দেওয়া যায় না। অবিলম্বে আইনের আওতায় আনা দরকার।”
