
পূর্ব বর্ধমান: ১০০ দিনের টাকা সরিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে বলে প্রচারে বেরিয়ে দাবি করলেন অসীম সরকার। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। রবিবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই সোমবার থেকে ময়দানে তিনি। সোমবার মেমারিতে এক অনুষ্ঠানে গিয়ে সেই অসীমের মুখে শোনা গেল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অভিযোগ।
অসীম সরকারের দাবি, “১০০ দিনের টাকা ফাঁকা করে চুরির টাকায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। ১ কোটি ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড করে যে টাকা নিয়েছে তা থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। ওই টাকার হিসাব দিলেই লক্ষ্মীর ভাণ্ডার কী হয়ে যায় দেখবেন।”
বর্ধমান পূর্বে এবার মূলত দুই সরকারের লড়াই। বিজেপির অসীম সরকার বনাম তৃণমূলের শর্মিলা সরকার। গতবার তৃণমূল কংগ্রেস এই আসন জিতলেও এবার এই আসন নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সোমবার মেমারির পারিজাতনগরে এসে রাজনীতিক-কবিয়াল অসীম সরকার বলেন, “জেতা সিট হলেই জেতে এমন কোনও কথা নেই। বামফ্রন্টের তো জেতা সিট বহু ছিল। আছে আর? বর্তমান যে পরিস্থিতি, তাকে সামনে রেখেই ভোট হবে। মানুষ যদি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তৃণমূল আরব সাগরে গিয়ে পড়বে।” অসীম বলেন, এবার প্রতি বুথে ৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সঠিকভাবে ভোট ও ভোটগণনা হবে। মানুষের রায়ে বাংলাতেও গেরুয়া ঝড় উঠবে।
এ নিয়ে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “তদন্তটা করুক না। অনেক তদন্তই তো করল। রাজ্য সরকার বা তৃণমূল সরকারকে এখনও একবারও দোষী প্রমাণ করতে পেরেছে? আর অসীম সরকার তো এ ধরনের কথাবার্তাই বলেন। উনি তো এক জায়গা থেকে এসে বর্ধমানে প্রার্থী হয়েছেন। ওনার ভিডিয়োও তো ভাইরাল হয়। আসলে ওনার কথার গুরুত্ব বিজেপি যেমন দেয় না, আমরাও দিই না।”