
পূর্ব মেদিনীপুর: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যরহস্য এখনও উদঘাটন হয়নি। তার মধ্য়েই তাজপুরে এবার ডুবে মৃত্যু হল দুই চিকিৎসকের। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তাজপুরের বিশ্ববাংলার কাছে দুটি দেহ ভাসতে দেখেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। মন্দারমনি কোস্টাল থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ডুবুরি নামিয়ে সমুদ্র থেকে দুটি দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দু’জনের নাম চিকিৎসক কুন্তল চক্রবর্তী, চিকিৎসক শৈলজা ভরদ্বাজ। দু’জনেই সোদপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগেই তাজপুরে বেড়াতে এসেছিলেন দুই চিকিৎসক। সোদপুর থেকে গাড়ি নিয়েই গিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ধারে বসে আমোদপ্রমোদের সময়ে কোনওভাবে জলে নেমেছিলেন তাঁরা। ঢেউয়ের তোড়ে ভেসে যান। তাঁদের সমুদ্রে তলিয়ে যেতে সেভাবে কেউ দেখেননি। মনে করা হচ্ছে রাতেই সমুদ্রের ধারে বসেছিলেন তাঁরা। ফলে সেভাবে কারোর নজর পড়েনি।
বৃহস্পতিবার সকালে বিশ্ব বাংলা গেটের ধারে দেহ দুটি ভেসে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে পুলিশ দুটি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে। ঠিক কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুটি দেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়ে কিছু বলতে চায়নি পুলিশ।