
পূর্ব মেদিনীপুর: দুবাইতে ইরানের মিসাইল হানার ফলে আটকে যুবক। আতঙ্কিত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দুবলাবাড়ি এলাকার বাসিন্দা তনয় বেরার পরিবার। পরিবারের একমাত্র ছেলে গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে দুবাইতে পাড়ি দিয়েছে, এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে অল্পই কথা হয়েছে। পরিবারকে তনয় জানাতে পেরেছে, বিমানের টিকিট পাচ্ছে না। তাই আপাতত হোটেলেই থাকতে হচ্ছে। বাড়ি ফেরার কোনও বিকল্প নেই।
একমাত্র ছেলে এরকম একটা পরিস্থিতি ফেঁসে রয়েছে, স্বাভাবিকভাবেই আতঙ্কিত মা-বাবা। ফোনেই ছেলের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সবসময়ে সেটাও সম্ভব হচ্ছে না। কখনও ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন, কখনও নট্ রিচেবল। শেষ যখন ছেলের সঙ্গে কথা হয়েছে, তখন জানা গিয়েছে, তনয় আবু ধাবিতে রয়েছেন। তাঁর বাবা জানালেন, যখনই ছেলের সঙ্গে কথা হচ্ছে, ফোনের ওপর প্রান্ত থেকে নানান ধরনের আওয়াজ কানে আসছে। সেই আওয়াজ বোমের বলেই মনে করছেন তিনি। তনয়ের বাবা চিত্তরঞ্জন বেরার বক্তব্য, “মঙ্গলবারই গেল। কথাই তো ঠিক মতো বলতে পারছি না। যেখানে আছে, সেখান থেকে বোমা পড়ার আওয়াজ পাচ্ছে। আমার ছেলে তো একা নয়, অনেক ভারতীয়ই আটকে পড়েছে, সেটাই বলল।” আপাতত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তনয়।
ইজরায়েল-আমেরিকার যৌথ অভিযানে নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই এই দাবি করেছিলেন। অবশেষে খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করল ইরানের স্টেট টিভিও। ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ৪০ দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে ইরান জুড়ে।