
দিঘা: রাত পোহালেই জামাইষষ্ঠী। তার উপর আবার উইকেন্ড। আর তাতেই ভিড় উপচে পড়ছে দিঘা, মন্দারমণিতে। বর্তমানে দিঘায় সারা বছরই ভিড় থাকে। তবে বিশেষ বিশেষ দিনে ভিড়ের মাত্রাটা অনেকটাই বেড়ে যায়। জমাই ষষ্ঠীতেও সেই ছবিটাই যে ফিরতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু পর্যটকদের যাতে কোনওরকমে অসুবিধে না হয় তার জন্য বিশেষ নজদারির ব্যবস্থা করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে।
গত রবিবার দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের দফতরে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে জেলা প্রশাসনের কর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিঘাকে উন্নতমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পাশাপাশি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন শুভেন্দু। তাতেই তৎপরতা বেড়েছে পুলিশের।
সাম্প্রতিককালে দিঘায় স্নানে গিয়ে একের পর মৃত্যুর খবরও সামনে এসেছে। তাই আর যাতে নতুন করে কোনও দুর্ঘটনা না ঘটে তা ঠেকাতে তৎপর প্রশাসন। এই বিষয় নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিঘায় কড়া নজদারির নির্দেশ দিয়েছেন। সামনেই জামাই ষষ্ঠী, তাই আশপাশের থানা থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়র মোতায়েনের পাশাপাশি বাড়তি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। যারা প্রশাসনের নির্দেশিকা অমান্য করবেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে এরইমধ্যে দিঘায় আগত পর্যটকদের কথা ভেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যটক করে ছাড় দিয়েছেন। অর্থাৎ যারা দিঘায় বেড়াতে এসে দিঘার হোটেলে ওঠেন তাদের মাথাপিছু ১০ টাকা করে নেওয়া হতো আগের সরকারের আমলে। কিন্তু তা এখন আর দিতে হচ্ছে না।