Digha sea beach: দিঘার সমুদ্রের ওপারে কী আছে জানেন…
What Lies Beyond Digha: দিঘা সৈকতের অক্ষাংশ ২১.৬২ ডিগ্রি উত্তর। এখান থেকে বঙ্গোপসাগরের বুক চিরে জাহাজ এগোতে থাকলে যত দক্ষিণে যাওয়া যাবে, তত ভারতের মূল ভূখণ্ড দূরে চলে যাবে। দক্ষিণে এগোলে বাঁদিকে বা পূর্বে থাকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবং ডানদিকে বা পশ্চিমে থাকবে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর উপকূল।

দিঘা: সমুদ্রের ঢেউ আছড়ে এসে পড়ছে পাড়ে। বহু পর্যটক পাড়ে দাঁড়িয়ে সেই ঢেউ উপভোগ করছেন। দিঘার সমুদ্র সৈকতে এই ছবি অত্যন্ত চেনা। প্রতি দিন হাজার হাজার মানুষ আসেন দিঘায়। সমুদ্র সৈকতে ভিড় করেন। এপারে দাঁড়িয়ে ওপার দেখার চেষ্টাও করেন কেউ কেউ। বিস্তীর্ণ জলরাশি ছাড়া আর অবশ্য কিছু দেখা যায় না। দিঘার পাড়ে দাঁড়িয়ে কখনও কি মনে হয়েছে, ওপারে কী রয়েছে?
জেনে নেওয়া যাক, দিঘার ওপারে কী রয়েছে-
দিঘা সৈকতের অক্ষাংশ ২১.৬২ ডিগ্রি উত্তর। এখান থেকে বঙ্গোপসাগরের বুক চিরে জাহাজ এগোতে থাকলে যত দক্ষিণে যাওয়া যাবে, তত ভারতের মূল ভূখণ্ড দূরে চলে যাবে। দক্ষিণে এগোলে বাঁদিকে বা পূর্বে থাকবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবং ডানদিকে বা পশ্চিমে থাকবে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর উপকূল। জাহাজটি সোজা দক্ষিণে গেলে এই স্থলভাগগুলো দেখতে পাওয়া যাবে না। চারপাশে শুধু নীল জলরাশি দেখা যাবে।
বঙ্গোপসাগর পেরিয়ে জাহাজটি ভারত মহাসাগরে প্রবেশ করবে। একসময় নিরক্ষরেখা অতিক্রম করবে জাহাজটি। এবং উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের জলসীমায় ‘পা’ রাখবে। নিরক্ষরেখা পার হওয়ার পর জাহাজটি ভারত মহাসাগরের এমন এক অংশ দিয়ে যাবে, যার সোজা পূর্বে বা পশ্চিমে হাজার হাজার মাইল পর্যন্ত কোনও বড় মহাদেশ নেই। ভারত মহাসাগরের এই দক্ষিণ অংশটি অত্যন্ত নির্জন এবং গভীর। জাহাজ যখন ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে পৌঁছাবে, সেখানে সমুদ্রের অন্য রূপ দেখা যাবে। এই অঞ্চলটিকে নাবিকরা ‘রোরিং ফোর্টিজ’ বা গর্জনশীল চল্লিশা বলেন। এখানে তীব্র পশ্চিমী বাতাস এবং বিশাল বিশাল ঢেউয়ের মুখোমুখি হতে হয় জাহাজকে।
৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পার করার পর জাহাজ প্রবেশ করবে দক্ষিণ মহাসাগরে। এখানে জলের তাপমাত্রা দ্রুত কমতে থাকে। চারপাশে বরফের চাঁই বা আইসবার্গ দেখা যায়।
চূড়ান্ত গন্তব্য-
দিঘা থেকে সোজা দক্ষিণে প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর জাহাজ অবশেষে গিয়ে ধাক্কা খাবে আন্টার্কটিকা মহাদেশের ড্রনিং মড ল্যান্ড বা কুইন মড ল্যান্ড অঞ্চলের কাছাকাছি বরফের দেওয়ালে।
