Sonarpur: সোনারপুরে মদ্যপ অবস্থায় আবাসনে ঢুকে মারধরের অভিযোগ, বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মেয়ে
South 24 pragana: ঘটনায় গুরুতর আহত হয়েছেন নির্মল শিকদার। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর মেয়েও। তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে।

সোনারপুর: সোনারপুর (Sonarpur) বাজারের একটি বহুতল আবাসনে মদ্যপ অবস্থায় ঢুকে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল এক আবাসিকের বিরুদ্ধে। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে প্রথমে বাদানুবাদ, এরপরই পাথর দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নির্মল শিকদার। বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর মেয়েও। তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে।
অভিযোগ, সোনারপুর বাজারের ওই বহুতল আবাসনে প্রায় ১৫টি পরিবার বসবাস করে। আবাসিকদের দাবি, আবাসনেরই এক ব্যক্তি মাঝেমধ্যেই বহিরাগতদের নিয়ে এসে নানান অসামাজিক কাজকর্ম করেন। প্রতিবাদ করলেই ঝামেলা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। এর আগেও একাধিকবার ঝামেলা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি আবাসিকদের।
বর্তমানে আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছেন মহিলা ও বয়স্ক আবাসিকরাও। বয়স্ক বাসিন্দা জগাইলাল ঘোষ জানান, তাঁরা এই সমস্যার স্থায়ী সমাধান চান। অন্য এক বাসিন্দা, পেশায় শিক্ষিকা সোনালী চক্রবর্তীর অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করেও ঢিল ছোড়া হয়েছে। ফলে তাঁরা ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে দাবি তাঁর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
