Calcutta High Court: জেসিবি দিয়ে দোকান উচ্ছেদ! ‘আইন হাতে তুলে নেওয়া যায় না’, মন্তব্য হাইকোর্টের
High Court on JCB Use: পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলে আদালত। অভিযোগ, বেসরকারি পক্ষ যখন দোকানদারদের উচ্ছেদ করছিল, তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, পরে প্রশাসনের তরফে দোকানদারদের পুনর্বহাল করা হয়েছে।

কলকাতা: বেআইনিভাবে দোকান উচ্ছেদ করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে মামলা হয়েছে, তার শুনানিতে কড়া মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ‘আইনি নিজের হাতে তুলে নেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় দোকান উচ্ছেদ নিয়ে অভিযোগ ওঠে। বেসরকারি ব্যক্তিরা জেসিবি নিয়ে গিয়ে দোকানদারদের উচ্ছেদ করছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার হাইকোর্টে শুনানিতে বিচারপতি জানতে চান, কী হচ্ছে? জেসিবি কেন ব্যবহার করা হয়েছে? দোকানদাররা বেআইনি দখলদার হলেও তাঁদের বিরুদ্ধে আইন মেনে যথাযথ পদক্ষেপ করতে হবে উল্লেখ করেন বিচারপতি ভট্টাচার্য। তিনি বলেন, “কোনও বেসরকারি ব্যক্তি নিজের মতো করে তাঁদের উচ্ছেদ করতে পারেন না। বিশেষত, সরকার বদলের পর কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।”
পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলে আদালত। অভিযোগ, বেসরকারি পক্ষ যখন দোকানদারদের উচ্ছেদ করছিল, তখন পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, পরে প্রশাসনের তরফে দোকানদারদের পুনর্বহাল করা হয়েছে। তবে আদালতের স্পষ্ট বক্তব্য, কোনও কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই দোকানদারকে উচ্ছেদ করা যায় না।
