High Court: নিজের বাড়ি সন্তানদের সঙ্গে ভাগ করতে বাধ্য নন বয়স্ক বাবা-মা, জানিয়ে দিল হাইকোর্ট
Delhi High Court: মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট, ২০০৭ (Senior Citizens Act)-এর আওতায় উচ্ছেদের আবেদন খারিজ করে জেলা ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল কমিশনারের দেওয়া আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে ছেলে ও পুত্রবধূকে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: ইচ্ছার বিরুদ্ধে সন্তানদের সঙ্গে নিজের বাড়ি ভাগ করে থাকতে বাধ্য নন প্রবীণ বাবা-মা। পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, যখন সম্পর্ক এতটাই তিক্ত পর্যায়ে পৌঁছায় যে প্রবীণ নাগরিককে তাঁদের বিরুদ্ধে আইনি লড়াই করতে হয় এবং পুলিশের সাহায্য নিতে হয়, তখন বয়স্ক বাবা-মা কখনই বাধ্য নন সন্তানদের সঙ্গে তাঁর বাড়ি ভাগ করতে নিতে। বিচারপতি অমিত মহাজন মন্তব্য করেছেন, “৮৫ বছর বয়সে আবেদনকারী নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাস করার অধিকার রয়েছে।”
দিল্লিতে নিজের স্ব-অর্জিত সম্পত্তি থেকে বড় ছেলে ও পুত্রবধূকে উচ্ছেদের আর্জি জানিয়ে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধের দায়ের করেন এক ৮৫ বছরের বৃদ্ধ। সেই মামলা গৃহীতও হয়। মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস অ্যাক্ট, ২০০৭ (Senior Citizens Act)-এর আওতায় উচ্ছেদের আবেদন খারিজ করে জেলা ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল কমিশনারের দেওয়া আদেশ বাতিল করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে ছেলে ও পুত্রবধূকে ওই বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারীর অভিযোগ ছিল, তাঁর ছেলে ও পুত্রবধূ তাঁকে হয়রানি করছেন এবং তাঁর শান্তি নষ্ট করছেন। সম্পত্তির নিরঙ্কুশ মালিক হওয়া সত্ত্বেও তিনি নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না বলে আদালতে জানান। ১৯৮০ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA)-এর কাছ থেকে ওই সম্পত্তি পান এবং ২০০০ সালে তা ফ্রিহোল্ড করেন বলে জানান তিনি। তাঁর দাবি, ২০০৩ সালে বিয়ের পর থেকেই বড় ছেলে ও পুত্রবধূ সেখানে থাকছেন। বিকল্প থাকার ব্যবস্থা করতে বলা সত্ত্বেও তাঁরা বাড়ি ছাড়তে অস্বীকার করেন। সময়ের সঙ্গে তাঁদের আচরণ খারাপ হয় এবং আর্থিক সহায়তাও বন্ধ করে দেন বলে অভিযোগ তাঁর। ২০২০ সালের নভেম্বরে স্ত্রীর মৃত্যুর পর হয়রানি আরও বাড়ে এবং ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁকে হুমকি ও কনিষ্ঠ পুত্রকে মারধর করা হয় বলে অভিযোগ করে পুলিশের দ্বারস্থ হন তিনি।
এরপর সিনিয়র সিটিজেনস অ্যাক্টের অধীনে উচ্ছেদ ও ভরণপোষণের আবেদন করলেও জেলা ম্যাজিস্ট্রেট তা খারিজ করে দেন এই যুক্তিতে যে হয়রানির অভিযোগ প্রমাণিত হয়নি এবং এটি মূলত ভাইদের মধ্যে পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ। ডিভিশনাল কমিশনারও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। অন্যদিকে, বড় ছেলের পক্ষের দাবি ছিল, এটি মূলত ছেলেদের মধ্যে ব্যবসায়ীক বিবাদ, তাঁরা বৃদ্ধের দেখভাল করেছেন এবং মাসে ১৫ হাজার টাকা ভরণপোষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছেন।
হাইকোর্ট সুপ্রিম কোর্টের রবি কান্ত গুপ্ত বনাম উত্তরপ্রদেশ রাজ্য মামলার পাশাপাশি নিজেদের পূর্ববর্তী প্রীতম সিং বনাম এনসিটি অফ দিল্লি সরকার মামলার নজির তুলে ধরে জানায়, সম্পত্তি থেকে সন্তানদের উচ্ছেদ করতে চাইলে প্রবীণ নাগরিককে সবসময় দুর্ব্যবহার বা ভরণপোষণের প্রয়োজনীয়তা প্রমাণ করতে হবে এমন নয়, শান্তিতে ও মর্যাদার সঙ্গে বসবাসের জন্য সম্পত্তির সুরক্ষা প্রয়োজন—এটুকুই যথেষ্ট।
বিচারপতি মহাজনের মতে, ঘরের চার দেওয়ালের মধ্যে ঘটা হয়রানির ক্ষেত্রে স্বাধীন প্রমাণ পাওয়া কঠিন হতে পারে এবং এই আইনের অধীনে শুনানি সারসংক্ষেপ প্রকৃতির হওয়ায় দেওয়ানি বা ফৌজদারি মামলার মতো প্রমাণের মানদণ্ড চাওয়া যায় না। প্রয়োজন হলে আদেশ কার্যকর করতে সংশ্লিষ্ট থানার এসএইচও-কে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
