AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Burdwan: সাহায্যের নাম করে ক্যান্সার আক্রান্ত ১১ মাসের শিশুর বাবার কাছে ফোন জনৈক ইউটিউবার ‘হোসেন মনসুরির’! আজ সর্বস্ব হারালেন রাজমিস্ত্রি

Burdwan Cyber Fraud: শিশুটির অসহায় অবস্থার কথা জানতে পেরে সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার এক যুবক। রিকুর অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেদনমূলক ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে শিশুটির চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়।

Burdwan: সাহায্যের নাম করে ক্যান্সার আক্রান্ত ১১ মাসের শিশুর বাবার কাছে ফোন জনৈক ইউটিউবার 'হোসেন মনসুরির'! আজ সর্বস্ব হারালেন রাজমিস্ত্রি
এরকম ছবি দিয়েই ফোন এসেছিল শিশুটির বাবার কাছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2026 | 11:26 PM
Share

বর্ধমান: মাত্র ১১ মাস বয়স। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত একরত্তি শিশুর চিকিৎসার জন্য দিনরাত এক করে লড়াই চালাচ্ছেন বাবা-মা। সন্তানের প্রাণ বাঁচাতে সাধারণ মানুষের কাছে হাত পেতে তিল তিল করে কিছু টাকা জোগাড় করেছিলেন তাঁরা। কিন্তু সেই শেষ সম্বলটুকুও রেহাই পেল না সাইবার প্রতারকদের হাত থেকে। চিকিৎসার জন্য সংগৃহীত সমস্ত টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় কার্যত দিশেহারা পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাজমিস্ত্রি পূর্ণ চন্দ্র মেটের পরিবার। জানা গিয়েছে, মাত্র ১১ মাস বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে রিকু মেটে।

গত কয়েক মাস ধরে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ, শিশুটিকে বাঁচাতে দ্রুত বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। কিন্তু এই চিকিৎসার বিপুল খরচ বহন করার সামর্থ্য নেই। দিনমজুরি করে সংসার চালানো পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল।

Burdwan 2 (4)

প্রতারিত শিশুর বাবা

শিশুটির অসহায় অবস্থার কথা জানতে পেরে সম্প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার এক যুবক। রিকুর অসুস্থতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেদনমূলক ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে শিশুটির চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়। অনুদান পাঠানোর সুবিধার্থে দেওয়া হয়েছিল রিকুর বাবার গুগল পে-র কিউআর কোডও। সেই আবেদন দেখে বহু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধীরে ধীরে অ্যাকাউন্টে জমা হয় কয়েক হাজার টাকা। সন্তানের চিকিৎসার জন্য সেটুকুই ছিল পরিবারের বড় ভরসা।

অভিযোগ, শনিবার সকালে সেই টাকার উপরেই নজর পড়ে সাইবার প্রতারকদের। জনপ্রিয় ইউটিউবার হোসেন মনসুরির নাম ভাঁড়িয়ে রিকুর বাবাকে ফোন করে প্রতারকরা। শিশুটির চিকিৎসার জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে ফাঁদে ফেলা হয়। এরপর কৌশলে অ্যাকাউন্ট সংক্রান্ত গোপন তথ্য হাতিয়ে নেয় তারা। কিছু বুঝে ওঠার আগেই অ্যাকাউন্টে চিকিৎসার জন্য জমানো সমস্ত টাকা উধাও হয়ে যায়।

ঘটনার কথা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে রিকুর বাবা-মায়ের। সন্তানের চিকিৎসার জন্য মানুষের সাহায্যে জমানো শেষ সম্বলটুকুও হারিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছেন তাঁরা।  শিশুটির বাবা বলেন, “আমার মেয়েটার ব্লাড ক্যান্সার! ৪ মাস হয়েছে ধরা পড়েছে। ২-৫ টাকা, ১০ টাকা এরকম করে গ্রামের লোকই সাহায্য করেছিল। জমিয়েছিলাম কিছু টাকা! এবার আমার সেই টাকাটাই চোট করে নিল। আমাকে ভিডিয়ো কল করেছিল। আমাকে বলল সাহায্য করব। আমাকে বলেছিল, আমি যা বলছি করো। এইভাবে টাকা নাও। বলতে বলতে ২৪ হাজার টাকা মতো ছিল, চলে গেল!” তিনি বলেন, “আমাকে যখন ভিডিয়ো কল করেছিল, তখন নাম বলেছিল হোসেন মনসুরি। পরে জানতে পারলাম ওটা ফেক!” শনিবারই ঘটনার বিবরণ জানিয়ে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Follow Us