Gosaba Shootout: ভোট আবহে গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ৩ বিজেপি কর্মী

WB Assembly Election 2026: জানা গিয়েছে, গতকাল রাতে একটি দলীয় মিটিং সেরে দু'জনে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন পলাশ আর পিছনে বসেছিলেন দিব্যেন্দু। হঠাৎ, পিছন থেকে চার-পাঁচজন দুষ্কৃতী এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন দিব্যেন্দু।

Gosaba Shootout: ভোট আবহে গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ৩ বিজেপি কর্মী
গুলিবিদ্ধ তৃণমূল কর্মীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 20, 2026 | 8:39 AM

গোসাবা, দেবব্রত মণ্ডল : ভোটবঙ্গে গোসাবায় শ্যুটআউট। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গতকাল রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায়। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

কী ঘটনা ঘটেছে?

আক্রান্ত তৃণমূল কর্মীর নাম দিব্যেন্দু গায়েন। তাঁর বাড়ি শম্ভুনগর এলাকায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পলাশ মণ্ডল। জানা গিয়েছে, গতকাল রাতে একটি দলীয় মিটিং সেরে দু’জনে বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন পলাশ আর পিছনে বসেছিলেন দিব্যেন্দু। হঠাৎ, পিছন থেকে চার-পাঁচজন দুষ্কৃতী এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন দিব্যেন্দু। তাঁর ডান পায়ে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দিব্যেন্দু গায়েন।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের বুথ সভাপতি পলাশ মণ্ডল জানিয়েছেন, ২১ এপ্রিল তাঁদের একটা সভা রয়েছে। সেই বিষয়ে দলীয় মিটিংয়ে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময়ই কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। তাঁর অভিযোগ, চার-পাঁচ জন দুষ্কৃতী ছিল। তাঁদের মধ্যে একজনকে তিনি চিহ্নিত করতে পেরেছেন। ওই দুষ্কৃতীদের দলে ভোলা প্রামাণিক নামে একজন বিজেপি কর্মী ছিল বলে জানিয়েছেন তিনি।

তৃণমূল-বিজেপি তরজা

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বিজেপির পায়ের তলায় মাটি নেই। কিছু দুষ্কৃতীদের দিয়ে তৃণমূলের একজন সক্রিয় কর্মীকে গুলি করেছে। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থা। অন্যদিকে, বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, গোসাবায় তৃণমূল হারের আতঙ্কে নিজেরা নিজেদের উপর হামলা চালাচ্ছে। গুলি করছে। আর সেটা বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। সঠিক তদন্ত হলে দেখা যাবে তৃণমূলই তৃণমূলের উপর হামলা চালিয়েছে।

Follow Us