Chopra Election Violence: চোপড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে হামলা, পাথর-বৃষ্টি! কাঠগড়ায় তৃণমূল

TMC vs Congress: বিধানসভা নির্বাচনের তপ্ত আবহে উত্তর দিনাজপুরের চোপড়া। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কংগ্রেস প্রার্থীর মিছিলে হামলা, পাথর ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা।

Chopra Election Violence: চোপড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে হামলা, পাথর-বৃষ্টি! কাঠগড়ায় তৃণমূল
এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমেImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 14, 2026 | 6:23 PM

চোপড়া: ভোটের মুখে ফের উত্তপ্ত উত্তর দিনাজপুর। নির্বাচনী প্রচার চলাকালীন কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার চোপড়া বিধানসভা এলাকার মাঝিয়ালি অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে। চলছে বাহিনীর টহল। 

স্থানীয় সূত্রে খবর, এদিন চোপড়া বিধানসভার কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মাঝিয়ালি অঞ্চলে প্রচারে বেরিয়েছিলেন। তাঁর মিছিল যখন বিশ্বাসটোলি এলাকায় পৌঁছায়, তখনই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আচমকাই তাঁর মিছিল লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। কংগ্রেসের দাবি, তৃণমূলের অঞ্চল সভাপতি নইমুল হকের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে। 

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, খোদ প্রার্থী জাকির আবেদিনকে লক্ষ্য করেই পাথর ছোঁড়া হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পাথরটি সরাসরি তাঁর গায়ে না লেগে প্রচারে থাকা গাড়িতে গিয়ে লাগে। এতে গাড়ির ক্ষতি হলেও প্রার্থীর হয়নি। হামলার ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যেই সামনে এনেছে কংগ্রেস নেতৃত্ব। ঘটনার পর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস প্রার্থী জাকির আবেদিনও। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই। কংগ্রেস সস্তার প্রচার পেতে, এলাকায় অশান্তি ছড়াতে মিথ্যে নাটক করছে। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে। 

Follow Us