
হরিরামপুরে জনসভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নাম বাদ ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ করলেন তিনি। কী কী বললেন মমতা?
কালিয়াচক ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। এমনই অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, পুরো ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর সাবিনা ইয়াসমিন দলের পরিকল্পনা বাস্তবায়িত করেছেন। পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন সমর্থককে নিয়ে সাবিনা বসে আছেন। মালব্যর দাবি, কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগেই সাবিনাকে প্রতিবাদে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল।
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা বিমানবদ্নর থেকে গ্রেফতার করা হল তাঁকে। বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন ওই নেতা। সেইসময়ই তাঁকে গ্রেফতার করা হয়।
সকাল সকাল দুর্ঘটনা ময়দানে। একটি কন্টেনার উল্টে দুর্ঘটনাটি ঘটে। রেড রোডে ডান দিক থেকে বাঁ দিকে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় রাস্তার উপর। দুর্ঘটনার পরে চালকের খোঁজ না মেলায় গাড়ির নম্বর দেখে যোগাযোগ করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
ভবানীপুরের প্রার্থী তথা রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে লিখিত অভিযোগ জানাল তৃণমূল। ভোটারদের উপর হামলা করার উস্কানি দিচ্ছে বলে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। গত ৩১ মার্চ শুভেন্দুর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযোগ জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাহলে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আসার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কালিয়াচকের উদ্দেশে রওনা দিল NIA টিম। জানা গিয়েছে, প্রায় ১০ জন সদস্য রয়েছে টিমে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে যাচ্ছেন এনআইএ সদস্যরা। সেখানে পৌঁছে সেদিন আটকে পড়া ৭ জুডিশিয়ল অফিসারদের সঙ্গে কথা বলবেন। বিডিও অফিস ঘুরে দেখবেন তাঁরা। ৬ এপ্রিল এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন তাঁরা। উল্লেখ্য, কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
Live Assembly Election 2026 News Updates in Bengali: কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজই মালদহের কালিয়াচকে যাচ্ছে এনআই-এর একটি টিম। সেখানে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে, ভোটের আগে আজও প্রচারে ঝড় তুলতে প্রস্তুত সব রাজনৈতিক দলগুলি। উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক জেলায় সভা করবেন তিনি। সভা থেকে ফের কমিশন ও বিজেপিকে নিশানা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াচকের ঘটনা নিয়ে মন্তব্য করতে পারেন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভোটপ্রচারে ব্যস্ত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমের জেলা মূলত পুরুলিয়া, বাঁকুড়ায় সভা করার কথা রয়েছে তাঁর। পরপর তিনটি সভা করবেন বলে জানা গিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের প্রচারের দিকেও নজর থাকবে দিনভর।