West Bengal SIR: মুর্শিদাবাদে সাড়ে ৪ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ নাম বাদ, পিছনেই মালদহ-নদিয়া

SIR: নির্বাচন কমিশনের তরফে জেলাওয়াড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছিল বিবেচনাধীন ভোটারের তালিকায় রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। গতকাল রাতেই সব নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যায়, ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।

West Bengal SIR: মুর্শিদাবাদে সাড়ে ৪ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ নাম বাদ, পিছনেই মালদহ-নদিয়া
বাংলায় ৯০ লাখ নাম বাদImage Credit source: PTI

Apr 07, 2026 | 1:10 PM

কলকাতা: শেষ পর্যন্ত সামনে এসেছে এসআইআর-এর নিষ্পত্তি হওয়া নামের প্রায় সম্পূর্ণ তালিকা। সোমবার গভীর রাতে সেই লিস্ট প্রকাশ্য়ে এসেছে। হিসেব বলছে, ৫০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। কোথায়, কত নাম বাদ পড়ল, সেই হিসেব কষছেন রাজনীতিকরা।

শুরু থেকেই সামনে আসছিল, মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর- এই তিন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ পড়তে পারে। হিসেব সামনে আসার পর দেখা গেল, সবার আগে রয়েছে মুর্শিদাবাদ জেলা।

মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ১১ লক্ষ ১ হাজার ভোটার।  মুর্শিদাবাদের ২০২৫-এর ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৫৭ লক্ষ ৬৪ হাজার ৮৫ জন। খসড়া তালিকায় নাম উঠেছে ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮জনের। বিচারাধীন তালিকা থেকে ৪ লক্ষ ৫৫ হাজার জনের নাম বাদ পড়েছে।

তালিকায় দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। সীমান্ত ঘেঁষা এই জেলায় মতুয়া ভোটারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেশি। সেই জেলার ৩ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। বসিরহাট সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় বাদ পড়া নামের সংখ্যা বেশি বলেই জানা যাচ্ছে।

তৃতীয় স্থানে মালদহ। কয়েকদিন আগেই নাম বাদ পড়াকে কেন্দ্র করে যে জেলায় সাত বিচারককে আটকে রাখার মতো অভিযোগ উঠেছে সেই জেলায় ২ লক্ষ ৩৯ হাজার নাম বাদ পড়েছে। এদিকে, বিচারাধীন ভোটার সংখ্যার প্রায় অর্ধেক ভোটারের নাম ডিলিট হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৫ লক্ষ ২২ হাজার ৪২ জন বিচারাধীন ভোটার ছিল। ৫ লক্ষ ১৮ হাজার ৬৬৮ জনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে ২ লক্ষ ৯৫ হাজার ৭৩৯ জনের। ডিলিট হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৯২৯ জনের নাম।

নদিয়াতেও বাদ পড়া নামের সংখ্যা ২ লক্ষের বেশি। পূর্ব বর্ধমানেও ২ লক্ষ নাম বাদ পড়েছে। হাওড়া, হুগলি দুই জেলাতেই এক লক্ষের বেশি নাম বাদ পড়েছে। কোচবিহারে ১ লক্ষ ও সীমান্ত ঘেঁষা জেলা উত্তর দিনাজপুরে ১ লক্ষ ৭৬ হাজার নাম বাদ পড়েছে।

দেখে নিন পুরো তালিকা

Follow Us