
সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে, নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। কংগ্রেস প্রার্থী জেলে থাকলেও, তাঁর হয়ে আজ থেকে প্রচার শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের কথা বললেও প্রচারে কোনও মমতা তৃণমূল কর্মীকে দেখা যায়নি। এদিকে, আজ বহরমপুর থানায় তলব করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে। সকাল ১১টার সময় বহরমপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। হিংসা উস্কানি মামলার তদন্তে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
ভাঙড় কলেজে তুলকালাম। পরিচালন সমিতির সভাপতি তথা বিজেপি নেতা সায়ন্তন বসুকে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। রাস্তাতেই গাড়ি নিয়ে অপেক্ষা করেন বিজেপি নেতা। এদিকে, কলেজের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছে SFI-SF। আর বাইরে গেট ধরে বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় কলেজ চত্বর।
রাজসাক্ষী হতে চেয়ে সিবিআই-এর পর এবার ইডি দফতরে চিঠি সন্তু গঙ্গোপাধ্যায়ের। উল্লেখ্য, সন্তুকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সিবিআই।
সন্তুর চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে খবর।
চিঠিতে লেখা হয়েছে যে, অফিসে সুজয় কৃষ্ণ ভদ্রকে সাড়ে তিন কোটি টাকা দিতে গিয়েছিলেন সন্তু। সেই অফিসেই এসেছিলেন অভিষেক। সন্তুর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেইসময় কালীঘাটের কাকুকে নির্দেশ দিয়েছিলেন যে, সেই সাড়ে তিন কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে যেন রেখে দেওয়া হয়।
এই দুর্নীতিতে কারা কারা যুক্ত, কোথায় গিয়েছে টাকা তাঁর খোঁজ দিতে পারবেন বলে চিঠিতে লিখেছেন সন্তু। তাঁর দাবি, এতদিন পরিবারের নিরাপত্তার জন্য চুপ ছিলেন। ভয় আউট হয়েছে। রাজসাক্ষী করলে সব খোলসা করবেন বলে জানিয়েছেন তিনি।
ভাঙড়ে বিজেপি-আইএসফ সংঘর্ষ। আক্রান্ত পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের মাধবপুর থানার সামনে। অভিযোগ, বিজেপি ও আইএসএফের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ অফিসার-সহ মোট চারজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
বিজেপির অভিযোগ, মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে বিজেপি কর্মী নাজমুল মোল্লার উপর হামলা চালায় আইএসএফ কর্মীরা। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় নাজমুল মোল্লার মাথা ফেটে যায় বলে দাবি বিজেপির।
মগরাহাট পশ্চিমের দুই তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এই দুই নেতার যোগ রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি খুনের চেষ্টার মামলায় এই দুই নেতাকে গ্রেফতার করা হয়। ওই হামলার তদন্তে নেমে তাঁদের বিরুদ্ধে তথ্য হাতে আসে পুলিশের। পরে আগ্নেয়াস্ত্র-সহ তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বছর শেষের আগেই চালু হয়ে যাবে চিংড়িহাটার উপর দিয়ে মেট্রো? কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Kolkata Metro Orange Line) বেলেঘাটা-সল্টলেক অংশের কাজে বড় ও গুরুত্বপূর্ণ অগ্রগতি। বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট ও ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর সম্পন্ন হয়েছে প্রথম ‘পুশ ট্রলি’ পরিদর্শন। এর ফলে ওই অংশে বৈদ্যুতিক কাজ শুরু করার পথ পরিষ্কার হয়ে গিয়েছে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
বিস্তারিত: বেলেঘাটা–সল্টলেক মেট্রোয় বড় অগ্রগতি, গড়িয়া থেকে সোজা সেক্টর ফাইভ অফিস আসবেন এক মেট্রোতে!
উপনির্বাচনের ভোট মিটলেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! সেই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরতপুরের বিধায়ক যেভাবে প্রচার বন্ধ করে, হিংসার উসকানি দিচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর, তা নির্বাচন কমিশনের দেখা উচিত। প্রয়োজনে হুমায়ুনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন পুলিশ-পর্যবেক্ষকরা। এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।