Kolkata Metro: বেলেঘাটা–সল্টলেক মেট্রোয় বড় অগ্রগতি, গড়িয়া থেকে সোজা সেক্টর ফাইভ অফিস আসবেন এক মেট্রোতে!
Beleghata-Salt Lake Metro: ইতিমধ্যেই এই করিডরের দুটি অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে পরিষেবা চলছে, যার মধ্যে রয়েছে রুবি মোড়। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা অংশেও মেট্রো পরিষেবা শুরু হয়েছে।

কলকাতা: আর বেশিদিন অপেক্ষা নয়। বছর শেষের আগেই চালু হয়ে যাবে চিংড়িহাটার উপর দিয়ে মেট্রো? কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের বেলেঘাটা-সল্টলেক অংশের কাজে বড় ও গুরুত্বপূর্ণ অগ্রগতি। বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট ও ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর সম্পন্ন হয়েছে প্রথম ‘পুশ ট্রলি’ পরিদর্শন। এর ফলে ওই অংশে বৈদ্যুতিক কাজ শুরু করার পথ পরিষ্কার হয়ে গিয়েছে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা-আইটি সেন্টার অংশটি ৩২ কিলোমিটার দীর্ঘ কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের তৃতীয় পর্যায়ের অন্তর্গত। ২০১০ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। মোট পাঁচটি পর্যায়ে করিডরটি নির্মাণের কাজ এগোচ্ছে।
ইতিমধ্যেই এই করিডরের দুটি অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অংশে পরিষেবা চলছে, যার মধ্যে রয়েছে রুবি মোড়। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায়–বেলেঘাটা অংশেও মেট্রো পরিষেবা শুরু হয়েছে।
এবার বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে বৈদ্যুতিক কাজ শুরু হলে প্রকল্পটি আরও এক ধাপ এগিয়ে যাবে। এই অংশে পরিষেবা চালু হলে সল্টলেক সেক্টর-৫-এর আইটি হাবে কর্মরত মানুষদের যাতায়াতে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, চিংড়িহাটা জটের কারণে এই অংশে মেট্রোরকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। রাজ্যে পালাবদলের পরই সেই কাজে অনুমতি মেলে এবং নির্দিষ্ট সময়ের আগেই চিংড়িহাটা অংশের লাইন জুড়ে ফেলে মেট্রো রেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, অরেঞ্জ লাইনের বাকি অংশের কাজও চলছে। সম্পূর্ণ করিডর চালু হলে দক্ষিণ কলকাতার সঙ্গে বিমানবন্দর এলাকার পূর্ব-পশ্চিম মেট্রো সংযোগ আরও শক্তিশালী হবে। কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত এই করিডর কলকাতার মেট্রো নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে।
