
কাঠমান্ডু : নেপালে শাহের ঝড়। বলেন্দ্র শাহ। জেন-জ়ি আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক। এবার নেপালের নির্বাচনে ঝাপা-৫ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। নির্বাচনী লড়াইয়ে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বিপরীতে লড়াই করেছেন। গণনার প্রাথমিক ট্রেন্ড থেকেই দেখা যাচ্ছে ওই কেন্দ্রে এগিয়ে ছিলেন বলেন্দ্র শাহ। ঝাপা-৫ কেন্দ্রের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। আর গণনার শেষে দেখা গেল ওলি-র শক্ত ঘাঁটিতে বড়সড় জয় ছিনিয়ে নিয়েছেন বলেন্দ্র। বড় মার্জিনে জিতেছেন বলেন্দ্র।
জানা গিয়েছে, ঝাপা-৫ কেন্দ্র থেকে বড় মার্জিনে জিতেছেন আরএসপি-র প্রার্থী বলেন্দ্র শাহ। কাঠমান্ডু পোস্টের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রীয় জনতা পার্টির প্রার্থী বলেন্দ্র শাহের প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৩৪৮। সেখানে ওলি পেয়েছেন ১৮ হাজার ৭৩৪ ভোট। অর্থাৎ প্রায় ৫০ হাজারের কাছাকাছি ভোটে ওলিকে হারিয়ে দিয়েছেন বলেন্দ্র। জয়ের মার্জিন প্রায় ৪৯ হাজার ৬১৪।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আরএসপি অর্থাৎ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ইতিমধ্যেই ঘোষিত ৫০টি আসনের মধ্যে ৩৯টি আসনে জয় পেয়েছে তারা । প্রায় ৮০টি আসনে এগিয়ে রয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আরএসপি নেপালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আর নেপালের প্রধানমন্ত্রী হবেন বলেন্দ্র শাহ। এদিকে, কাঠমান্ডুর ১০টি আসনেই জিতেছে আরএসপি।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালে সফল নির্বাচনের জন্য সেখানকার জনগণকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, নেপালের জনগণ তাঁদের গণতান্ত্রিক অধিকার অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রয়োগ করেছেন। তা দেখে তিনি আনন্দিত। সফল নির্বাচন প্রতিবেশী দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। মোদী আরও লেখেন,”একজন ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত নেপালের জনগণ এবং তাদের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যাতে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছনো যায়।”
বলেন্দ্র
বলেন্দ্র শাহের প্রথমে ব়্যাপার, পরে রাজনীতিবিদ। তাঁর পড়াশোনা হিমালয়ন হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল কলেজ থেকে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন তিনি। তারপর কর্ণাটকের ভিটিইউ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। রাজনীতিতে পা দেন খুব সম্প্রতিই। গত ডিসেম্বরেই রবি লামিছানের নেতৃত্বে আরএসপিতে যোগ দেন। তার আগে ২০২২ সালে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর মেয়র হিসেবেও নির্বাচিত হন বলেন্দ্র শাহ। এদিকে, বলেন্দ্র প্রধানমন্ত্রী হলে তা ভারতের জন্য কতটা ভাল হবে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন রাজনীতিবিদরা। কারণ, বলেন্দ্র ভারত বিরোধী। একাধিকবার ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন। অবশ্য, ওলিও ভারত বিরোধী। যদিও,ভারত সরকারের তরফে বার্তা দেওয়া হয়েছে নেপালে যে সরকারই আসুক না কেন,দুই দেশের সম্পর্ক উন্নত করার জন্য ভারত নেপালের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে।