Bangladesh: অন্তর্বর্তী সরকারের আর প্রয়োজন নেই, ইউনূস ও তাঁর উপদেষ্টারা কী করবেন?

Bangladesh Election 2026: ৮ অগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান পদে বসানো হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। দীর্ঘ দেড় বছর সরকার সামলানোর পর এবার পালাবদল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে।

Bangladesh: অন্তর্বর্তী সরকারের আর প্রয়োজন নেই, ইউনূস ও তাঁর উপদেষ্টারা কী করবেন?
মহম্মদ ইউনূস।Image Credit source: PTI

|

Feb 12, 2026 | 12:06 PM

ঢাকা: ২০২৪ সালের অগস্ট মাস। হঠাতই গণ-অভ্যুত্থানের মুখে পড়ে  পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সরকার ছাড়া তো আর গণতান্ত্রিক দেশ চলতে পারে না। সেই কারণেই তৈরি করা হয় অন্তর্বর্তী সরকার। ৮ অগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের প্রধান পদে বসানো হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। দীর্ঘ দেড় বছর সরকার সামলানোর পর এবার পালাবদল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এতদিন ধরে যারা দেশ চালানোর দায়িত্ব সামলালেন, তারা কী করবেন এবার?

বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ২১। প্রধান উপদেষ্টা ছাড়াও রয়েছেন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারীও রয়েছেন। মঙ্গলবার ছিল অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস। অনেক উপদেষ্টার মন্ত্রকেই এই উপলক্ষে অনুষ্ঠান হয়।

প্রধান উপদেষ্টা-

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে প্রধান উপদেষ্টা পদের মেয়াদ শেষ হওয়ার পর মহম্মদ ইউনূস নাকি রাষ্ট্রপতি হবেন। তবে রাষ্ট্রপতি হওয়ার পথে জটিলতা রয়েছে অনেক। ইউনূস আগেই জানিয়েছিলেন, তিনি সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর তিনি আগের কাজে ফিরে যাবেন। গ্রামীণ ব্যাঙ্ক বা অন্য কোনও সমাজসেবা মূলক কাজে যুক্ত হতে পারেন তিনি।

অর্থ উপদেষ্টা-

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষের পর আবার আগের মতোই  ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।  কিছুদিন বিশ্রামের পর মার্চে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন তিনি।

আইন উপদেষ্টা-

শিক্ষকতায় ফিরবেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। পাশাপাশি মৌলিক বিষয়ে লেখালেখি ও গবেষণা করবেন। পুরনো জীবনে ফিরে যেতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 স্বরাষ্ট্র উপদেষ্টা-

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আবার লেখালেখিতে ফিরতে চান। তবে তার আগে আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন।

খাদ্য ও ভূমি উপদেষ্টা-

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলি ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করে আগের মতোই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত হবেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে কলাম লিখতেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা-

ইউনূস সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছিলেন মুহাম্মদ ফাওজুল কবির খান। সরকারি দায়িত্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে রমজান মাস। অবসর সময়ে রোজা ও ইবাদতে মনোনিবেশ করবেন তিনি। রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।

সরকারি গাড়ি ব্যবহার করতেন তিনি। নিজের ব্যক্তিগত গাড়ি বিক্রি করে দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের পর তিনি ওই সরকারি গাড়ি ফেরত দিয়ে দেবেন। নতুন গাড়ি কিনবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা-

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন,  দায়িত্ব শেষে আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে ফিরবেন।

সমাজকল্যাণ উপদেষ্টা-

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ মঙ্গলবারই শেষ অফিস করেছেন।  দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলিতে থাকতে চান। তারপরে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে লিখবেন। ফিরে যাবেন ব্রতীতে এবং মানবাধিকার বিষয়ে কাজ করবেন। জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত মহিলাদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।