
ঢাকা: মহিলাদের ‘পা বেঁধে দেওয়ার’ চেষ্টা করছে বাংলাদেশ? কাজ কারবার দেখে তো এবার এমনই মন্তব্য কাটছেন অনেকে। কেউ কেউ তো আবার বলছেন, বাংলাদেশের বুকে বইছে তালিবানি হাওয়া। কিন্তু কেন এমন মন্তব্য?
গতকাল রংপুরে মহিলা আন্তঃজেলা ফুটবল ম্যাচে বাঁধ টানল কট্টরপন্থীরা। ম্যাচ শুরুর মিনিট কয়েক আগেই বাতিল করে দেওয়া হল খেলা। তারাগঞ্জে ছিল সেই আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের ম্য়াচ। মুখোমুখি হয়েছিল জয়পুরহাট মহিলা ফুটবল দল ও রাজশাহী মহিলা ফুটবল দল। কিন্তু সেই ম্যাচ শুরুর আগেই টেনে দেওয়া হল দাঁড়ি।
কেন বাতিল হল ম্যাচ?
স্থানীয় সূত্রে খবর, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের খানিক আগে হঠাৎ স্টেডিয়ামে ঢোকে একদল মৌলবাদীরা। সেখানে এসেই কেন মহিলারা ফুটবল খেলছে, এই নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের মধ্য়েই এক নেতা মাইকে ঘোষণা করে ম্যাচ বন্ধের দাবি জানান।
এরপর বন্ধ হয়ে যায় সেই ম্যাচ। নেতার ‘বাণী’ আসতেই মহিলা ফুটবল বন্ধ করতে তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথম থেকেই ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন উপস্থিত থাকলেও, তারা কার্যত ঠুঁটো জগন্নাথের মতোই দাঁড়িয়ে থাকে।
উল্লেখ্য, নতুন করে পালে হাওয়া পেয়েছে বাংলাদেশি মৌলবাদীরা। বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর থেকে মনে যেন বাড়তি জোর পেয়েছে তারা। আর তারপরেই এমন কাণ্ড। মহিলাদের ‘পা বেঁধে দিতে’ চাইছে মৌলবাদীরা, দাবি ওয়াকিবহাল মহলের।