
ঢাকা: সময় যত যাচ্ছে, ততই চাপ বাড়ছে তারেক রহমান সরকারের উপরে। বাংলাদেশে অশান্তি থামার কোনও নাম নেই, বরং এবার হিংসার আগুন ছড়িয়ে পড়ল ঢাকাতেও। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিএনপি নেতারা। তাদের বাড়িঘর ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগের তির নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে। উল্টোদিকে একাধিক আওয়ামী লীগের নেতাদেরও বাড়িতে হামলা, অগ্নিসংযোগের খবর আসছে। জর্জিয়ার দূতাবাসের বাইরে সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বোমা ছোড়া হয়েছে বলেও খবর। ঢাকার মুগদা থানার ভিতরেও ককটেল বোমা ছোড়া হয়েছে।
ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে, হাসিনা দেশে ফেরার আগেই মাথাচাড়া দিয়ে উঠেছে তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগ, যাকে হাসিনা সরকারের পতনের পরই অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। হাসিনার দেশে ফেরার আগেই লকডাউন থেকে শুরু করে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
এর মধ্যে জামাতও ময়দানে নামছে। তারাও কর্মসূচি ঘোষণা করেছে। এর ফলে চাপ বাড়ছে তারেক রহমান সরকারের উপরে। তাদের কার্যত হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। তবে অনেকেই মনে করছেন যে জামাতের সঙ্গে যেহেতু বিএনপির দীর্ঘদিনের সম্পর্ক, তাই আদতে আওয়ামী লীগকে ঠেকাতেই জামাত-কে পথে নামাচ্ছে বিএনপি।
অন্যদিকে, নড়াইলে বেশ কিছু বাড়িতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করেও অশান্তি ছড়িয়েছে। আওয়ামী লীগের দাবি, তাদের দলের সাংসদ, সাধারণ মানুষ, হিন্দু পরিবারগুলির বাড়িঘর লুঠ করে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ সেই দাবি মানতে নারাজ। তাদের বক্তব্য, কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও, তা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে।
নড়াইলের পুলিশ সুপার বিবৃতি দিয়ে বলেছেন, “সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, দাবি করা হচ্ছে যে নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এর আগেও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুরনো ও আগে রেকর্ড করা ভিডিয়ো এবং এআই (AI) দিয়ে তৈরি ভিডিয়ো ও ছবি ছড়িয়ে দিয়ে দেশে-বিদেশে জনমতকে বিভ্রান্ত করার এবং সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। উল্লেখিত বেন্দারচর এলাকায় কোনও হিন্দু সম্প্রদায়ের বাড়ি নেই। পাশাপাশি, ওই ঘটনার সঙ্গে কোনও হিন্দু সম্প্রদায়ের সদস্যের পরিবার বা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।”