
ঢাকা: বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন তিনি। আজ, বৃহস্পতিবার (২০ অগস্ট) বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন ছিল। সেই নির্বাচনের গণনা প্রক্রিয়া শেষে মির্জা ফখরুলের সপক্ষেই পড়ল বেশি ভোট।
বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হল। আর তাতেই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আজ দুপুর দুটো থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল নিজেও সংসদের সদস্য হওয়ায়, তিনি ভোট দিতে পারেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ সাংসদ না হওয়ায়, তিনি ভোট দিতে পারেননি।
ভোট গ্রহণ শেষে দেখা যায়, মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট, অন্যদিকে ১১ ঐক্য দলের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন মাত্র ৮৮টি ভোট। এরপরই প্রধান নির্বাচন কমিশনার এ এমএম নাসিরউদ্দিন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করেন। আগামিকাল সন্ধে সাতটায় বঙ্গ ভবনে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন মির্জা ফখরুল। এমনটাই জানিয়েছেন চিফ হুইপ।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন মহম্মদ সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়া ও আওয়ামী লিগ সরকারের পতনের পর থেকেই সাহাবুদ্দিন চুপ্পুর উপরে চাপ তৈরি হচ্ছিল রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য। তখন তিনি ইস্তফা দেননি। প্রায় দুই বছর পর, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর ইস্তফা দেন সাহাবুদ্দিন। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছিলেন।
এরপর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়। যদিও এটা আনুষ্ঠানিকতা মাত্র, কারণ বিএনপির কাছে দুই তৃতীয়াংশের সংখ্য়াগরিষ্ঠতা রয়েছে। তাই তাদের মনোনীত প্রার্থীই যে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবে, তা জানা কথা। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার আস্থাভাজন ছিলেন মির্জা ফখরুল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ঘনিষ্ঠ মির্জা ফখরুল।