Elon Musk: নাম পরিবর্তন করলেই সাড়ে ৮ হাজার কোটি টাকা দেবেন মাস্ক
Elon Musk: সোশ্যাল মিডিয়ায় ডজ় ডিজাইনার নামে একজন মাস্কের সঙ্গে প্রায়ই এক্স হ্যান্ডলে বার্তালাপ করেন। উইকিপিডিয়ার নাম পরিবর্তন নিয়ে তিনিই মাস্কের পুরনো টুইটের কথা স্মরণ করান। সেখানে তিনি লেখেন, "ইলন মাস্ক একবার উইকিপিডিয়াকে তার নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখার প্রস্তাব দিয়েছিলেন। এর জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিলেন তিনি।"

ওয়াশিংটন: নামে কী আসে যায়। বলেছিলেন উইলিয়াম শেক্সপিয়র। টেসলার সিইও ইলন মাস্কের অফার শুনলে হয়তো তিনিও বলতেন, নাম বদলে আসতে পারে কোটি কোটি টাকা। সত্যিই তাই। নাম বদলালেই সাড়ে আট হাজার কোটি টাকা দেবেন ধনকুবের মাস্ক। কাকে এই অফার দিয়েছেন তিনি?
ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনে তার নাম পরিবর্তন করেছেন। টুইটার এখন এক্স হ্যান্ডেল। তিনিই উইকিপিডিয়াকে নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। অনলাইন এই এনসাইক্লোপিডিয়া তাদের নাম পরিবর্তন করলেই ১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৫৩৯ কোটি টাকা) দেবেন বলে একবার জানিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ডজ় ডিজাইনার নামে একজন মাস্কের সঙ্গে প্রায়ই এক্স হ্যান্ডলে বার্তালাপ করেন। উইকিপিডিয়ার নাম পরিবর্তন নিয়ে তিনিই মাস্কের পুরনো টুইটের কথা স্মরণ করান। সেখানে তিনি লেখেন, “ইলন মাস্ক একবার উইকিপিডিয়াকে তার নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখার প্রস্তাব দিয়েছিলেন। এর জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিলেন তিনি।” এই টুইটের জবাবেই মাস্ক লেখেন, “সত্যি। সেই অফার এখনও রয়েছে।”
উইকিপিডিয়া চালায় উইকিমিডিয়া সংস্থা। উইকিপিডিয়া চালাতে অনুদান চাওয়া নিয়ে ২০২৩ সালে এই সংস্থাকে কটাক্ষ করেছিলেন মাস্ক। উইকিমিডিয়া ফাউন্ডেশনের এত টাকা কেন লাগে, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। তখনই তিনি প্রস্তাব দিয়েছিলেন, উইকিপিডিয়া তাদের নাম পরিবর্তন করলে ১ বিলিয়ন মার্কিন ডলার দেবেন তিনি। এক বছর পর মাস্ক জানালেন, সেই অফার এখনও রয়েছে। তাঁর এই টুইট নিয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনের তরফে অবশ্য এখনও কোনও জবাব আসেনি। অনেকে আবার মজার ছলে বলছেন, নাম পরিবর্তন করলেই যদি সাড়ে আট হাজার কোটি টাকা আসে, তাহলে ক্ষতি কী? শেক্সপিয়র-ই তো বলেছেন, নামে কী আসে যায়!

