
কাঠমাণ্ডু: পড়শি দেশে টানটান নাটকীয়তা। নেপালে হল পালাবদল। নতুন সরকার গঠিত হওয়ার এক দিনের মধ্যেই গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জানা গিয়েছে, গত বছর নেপালে জেন জ়ি আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওলিকে।
নির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বলেন্দ্র শাহ। আর তারপরই পুলিশি অ্যাকশন। গ্রেফতার করা হল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ওলির পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এএফপি সূত্রে খবর, কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী বলেছেন, “আজ সকালেই গ্রেফতার করা হয়েছে ওঁকে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া হবে।”
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে নেপাল উত্তপ্ত হয়ে ওঠে জেন-জ়ি আন্দোলনে। দেশে দুর্নীতির বিরুদ্ধে জনগণ, বিশেষ করে অল্পবয়সীরা প্রতিবাদে নামে। সেনা,পুলিশের ওই সংঘর্ষে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছিল।
র্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বলেন্দ্র শাহ শপথ নেওয়ার পরই একটি প্যানেল গঠন করেন, যা দুর্নীতি বিরোধী আন্দোলনের সময় যে হিংসা ছড়িয়েছিল, তার তদন্ত করবে। শুক্রবার নতুন কমিটি সিদ্ধান্ত নেয় যে কমিশনের তদন্তে উচ্চ পর্যায়ের যে রিপোর্ট দেওয়া হয়েছে, তা দ্রুত কার্যকর করা হবে।
ওই কমিটি সর্বাধিক ১০ বছরের জেলের সুপারিশ করেছিল। ওলি ও লেখকের নামও এই তালিকায় রয়েছে। তাদের বিরুদ্ধে আন্দোলনের সময় কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। এছাড়া তৎকালীন নেপাল পুলিশের ইন্সপেক্টর জেনারেল চন্দ্র কুবের খাপুংয়ের নামও ছিল।