
ঢাকা: ফের অশান্ত বাংলাদেশ (Bangladesh)। হামলা হল শাকিব আল হাসানের (Shakib Al Hasan) বাড়িতে। আজ, বুধবার রাতে বাংলাদেশের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের নেতা-সাংসদ শাকিব-আল-হাসানের বাড়িতে হামলা হয়। পেট্রোল বোমা ছোড়া হয় শাকিবের বাড়ি লক্ষ্য করে।
খেলা থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে পা রেখেছিলেন শাকিব আল-হাসান। ক্রিকেট টিমের অধিনায়ক থেকে সোজা আওয়ামী লিগের সাংসদ হন। তবে বাংলাদেশে পালাবদলের পর কার্যত আড়ালেই ছিলেন। আজ, ৫ অগস্ট নয়া দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন শাকিব। ভিডিয়োয় তাঁকে দেখা যায়। ঠিক তারপরই হামলা হল শাকিবের বাংলাদেশের পৈত্রিক বাড়িতে।
জানা গিয়েছে, রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ শাকিব-আল-হাসানের মাগুরার কেশবমোড়ে বাড়িতে হামলা করে কিছু দুষ্কৃতীরা। তাঁর পৈত্রিক বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা, বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। এরপরে দুষ্কৃতীরা বাড়ির লোহার গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। হামলার ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি। পুলিশ তদন্ত করছে গোটা ঘটনার।
এদিকে, আজকের ভার্চুয়াল সাংবাদিক বৈঠক থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন। আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। তবে কত তারিখে, তা জানাননি। তিনি গ্রেফতারি বা মৃত্যুর আশঙ্কাকেও পরোয়া না করেই দেশে ফিরতে দৃঢ়প্রতীজ্ঞ।