Israel Election: প্রাক্তন সেনাপ্রধানের হাতে দেশের ক্ষমতা? ইজরায়েলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
Israel Election: দীর্ঘদিনের রাজনীতিক তথা বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গলায় এখনও অটুট আত্মবিশ্বাস। তিনি বলছেন, একটি ডানপন্থী জোটই সরকার গড়বে, আরব দলগুলির সমর্থন নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। অন্যদিকে, আইজেনকোট মনে করছেন, এবার সে দেশের মানুষ নেতানিয়াহুর মেয়াদ শেষ করার পক্ষে রায় দিয়েছে।

ইজরায়েল: একদিকে দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। অন্যদিকে রাজনীতিতে নবীন আইজেনকোট। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইজরায়েলে। যুদ্ধ পরিস্থিতির পর প্রথম ভোট সে দেশে। ভোটারদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, হাজার হাজার ভোটার বিদেশ থেকে ইজরায়েলে পৌঁছেছেন ভোট দেওয়ার জন্য। ইজরায়েলের এবারের পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৭৭.৭ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ বলে জানা গিয়েছে। কিন্তু ফলাফল যেদিকে যাচ্ছে, তাতে কোনও পক্ষেই সরকার গড়ার মতো আসন পাচ্ছে না।
ইজরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দুই জোটই ৫১টি করে আসন পেতে চলেছে। কিন্তু ইজরায়েলে সরকার গড়তে গেলে কমপক্ষে ৬১টি আসন পেতে হবে। সে ক্ষেত্রে কারও জয় এখনও নিশ্চিত হয়নি। তাই কারা সরকার গঠন করবে, তা নিয়ে জল্পনা বেড়েই চলেছে।
দীর্ঘদিনের রাজনীতিক তথা বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গলায় এখনও অটুট আত্মবিশ্বাস। তিনি বলছেন, একটি ডানপন্থী জোটই সরকার গড়বে, আরব দলগুলির সমর্থন নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। অন্যদিকে, আইজেনকোট মনে করছেন, এবার সে দেশের মানুষ নেতানিয়াহুর মেয়াদ শেষ করার পক্ষে রায় দিয়েছে। এখনও ভোট গণনা চলছে। শেষ হতে সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
আইজেনকোট হলেন ইজরায়েলের প্রাক্তন সেনাপ্রধান। নবগঠিত রাজনৈতিক দল ইশায়ার পার্টির শীর্ষ নেতা তিনি। ২০২২ সালে পার্লামেন্টের সদস্য হওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। গত কয়েক বছরেই নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছেন তিনি।
