Bangladesh: হাসিনার রায়ের আগেই জ্বলছে বাংলাদেশ, ককটেল বোমা, গাড়িতে আগুন!

Sheikh Hasina's Verdict: ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গতকাল ও আজ অর্থাৎ রবিবার ও সোমবার বাংলাদেশ শাটডাউনের ডাক দিয়েছে হাসিনার নিষিদ্ধ হয়ে যাওয়া দল আওয়ামী লিগ। গতকাল রাতভর বিক্ষোভ, হামলা চলে। এমনকী  বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনেও ককটেল বোমা ছোড়া হয়।

Bangladesh: হাসিনার রায়ের আগেই জ্বলছে বাংলাদেশ, ককটেল বোমা, গাড়িতে আগুন!
বাংলাদেশে বিক্ষোভ-প্রতিবাদ।Image Credit source: X

|

Nov 17, 2025 | 7:23 AM

ঢাকা: শেখ হাসিনার (Sheikh Hasina) ভাগ্য লেখা হবে আজ। তার আগেই জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। দিকে দিকে বিক্ষোভ মিছিল, ভাঙচুর। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হল। দফায় দফায় ককটেল বোমা ছোড়া হয়েছে বলেও অভিযোগ। ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় সাতটি বাস, ভ্যান ও অ্যাম্বুল্যান্সে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজ, সোমবার (১৭ নভেম্বর) যদি শেখ হাসিনাকে কঠোর সাজা দেওয়া হয়, তাহলে  বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল দেশ ছাড়ার পরই। অভিযোগ, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন খোদ হাসিনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ওই মামলার শুনানি চলছে। আজ প্রথম মামলার রায়দান। সকাল ১১টা থেকে রায়দান প্রক্রিয়া শুরু হবে। গোটা বাংলাদেশ জুড়ে সরকারি ও বেসরকারি সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে হাসিনার বিরুদ্ধে রায়দান।

শুধু শেখ হাসিনা নন, এই মামলায় বাকি দুইজন অভিযুক্ত হলেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যদিও প্রাক্তন পুলিশকর্তা এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের সাজার দাবি করেছিলেন।

আজ আদালত কী রায় দেয়, তার দিকেই নজর। তবে তার আগে থেকেই জ্বলছে বাংলাদেশ। ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গতকাল ও আজ অর্থাৎ রবিবার ও সোমবার বাংলাদেশ শাটডাউনের ডাক দিয়েছে হাসিনার নিষিদ্ধ হয়ে যাওয়া দল আওয়ামী লিগ। গতকাল রাতভর বিক্ষোভ, হামলা চলে। এমনকী  বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনেও ককটেল বোমা ছোড়া হয়। শ্যামপুর, গাবতলী, মহাখালী সহ একাধিক জায়গায় ককটেল বোমা ছোড়া হয়েছে। তবে বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই। ককটেল বোমায় আহত হয়েছেন কয়েকজন।

এদিকে, রোষ আছড়ে পড়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট মহম্মদ ইউনূসের তৈরি করা গ্রামীণ ব্যাঙ্কের উপরও। একাধিক গ্রামীণ ব্যাঙ্কে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গাছ কেটে রাস্তা অবরোধও করা হয়।  ছাত্রলিগও রাস্তায় নেমে মশাল মিছিল করেছে ঢাকা-বরিশালে।

পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। পুলিশ ও সেনাও পথে নামানো হয়েছে। যদি সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় বা সরকারি দফতরে হামলা করা হয়, তাহলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us