Mexico baby girl tail: ‘নরম, সূক্ষ্ম লোমযুক্ত’, ২ ইঞ্চি লম্বা লেজ নিয়ে জন্মাল এই শিশুকন্যা

Mexico baby girl tail:মেক্সিকোর নুয়েভো লিওনের এক হাসপাতালে সদ্য জন্মেছে লেজ বিশিষ্ট শিশুকন্যা।

Mexico baby girl tail: নরম, সূক্ষ্ম লোমযুক্ত, ২ ইঞ্চি লম্বা লেজ নিয়ে জন্মাল এই শিশুকন্যা
টেইলবোনের সঙ্গে যুক্ত ছিল এই লেজ

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 27, 2022 | 5:41 PM

মেক্সিকো সিটি: মেক্সিকোর নুয়েভো লিওনের এক হাসপাতালে সদ্য জন্ম নেওয়া এক শিশুকন্যাকে ঘিরে হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। কারণ, এই শিশুকন্যা আর চার-পাঁচজনের থেকে এক আলাদা। সে জন্মেছে এক বিশেষ বৈশিষ্ট নিয়ে। তার দেহে রয়েছে একটি অতিরিক্ত অঙ্গ – দুই ইঞ্চি লম্বা একটি লেজ। লেজটি সম্পূর্ণভাবে গঠিত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, শিশুকন্যার দেহের সঙ্গে সংযুক্ত লেজটি ছিল নরম, ত্বকযুক্ত এবং সূক্ষ্ম সূক্ষ্ম লোম দিয়ে আবৃত। লেজটির ডগার পরিধি ছিল ৫ মিলিমিটার, আর শেষের দিকটি সরু হয়ে গিয়েছিল।

অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করেছে। ডা. জোসু রুয়েদার নেতৃত্বে একদল চিকিত্সক এই অস্ত্রোপচার করেন। তাঁরা জানিয়েছেন, ওই শিশুর বাবা-মা দুজনেরই বয়স ২০-র কোঠায়। তাঁরা দুজনেই একেবারে সুস্থ। গর্ভাবস্থার পূর্ণ-মেয়াদের পরই শিশুটি জন্ম নেয়। গর্ভাবস্থায় কোনও জটিলতাও ছিল না। শিশুকন্যাটির অন্য কোনও অসুস্থতাও ছিল না। লেজটি, তার টেইলবোনের সঙ্গে সংযুক্ত ছিল। তবে, লেজটিতে কোনও স্বতঃস্ফূর্ত নড়াচড়া দেখা যায়নি।

কাটা লেজটি অন্যান্য প্রাণীর মতোই

পরে একটি অস্ত্রোপচার করে লেজটি বাদ দেওয়া হয়। এই অস্ত্রোপচারে কোনও জটিলতা দেখা দেয়নি, শিশুকন্যাটিকেও একই দিনে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে, কাটা লেজটি বিশ্লেষণ করে চিকিৎসকরা দেখেছেন, সেটি একটি সত্যিকারের সুগঠিত লেজ। লেজটিতে পেশী, রক্তনালী এবং স্নায়ু রয়েছে, কিন্তু কোনও হাড় নেই। অন্যান্য প্রাণীদের লেজও এইভাবেই গঠিত। উল্লেখ্য, সমস্ত শিশুরই ভ্রূণ অবস্থায় লেজ থাকে। সেই থেকেই এই লেজের উদ্ভব ঘটেছে বলে মনে করছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত বিরল। গোটা বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা ২০০টিরও কম পাওয়া গিয়েছে। আর মেক্সিকোতে এই ঘটনা সম্ভবত প্রথম। ২০১৭ সাল পর্যন্ত এরকম মাত্র ১৯৫টি ঘটনা সনাক্ত করা হয়েছিল। এর মধ্যে সবথেকে লম্বা লেজটি ছিল ৭.৯ ইঞ্চির। বেশিরভাগ ক্ষেত্রেই লেজ দেখা যায় শিশুপুত্রদের দেহে। লেজ সহ এই শিশুদের ১৭ জনের মধ্যে একজন মস্তিষ্ক বা মাথার খুলি বৃদ্ধিজনিত রোগে ভোগে। তবে মেক্সিকোর এই শিশুকন্যাটি একেবারে সুস্থ।

Follow Us