Mojtaba Khamenei : মুখ ক্ষত-বিক্ষত, নেই একটা পা, যে কোনও সময় মৃত্যু ইরানের সুপ্রিম লিডারের?
Iran-US War Update: মোজ়তবা খামেনেইয়ের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করা হয়েছে রয়টার্সের একটি রিপোর্টে। সেখানে বলা হয়েছে, তেহরানে সর্বোচ্চ নেতার বাসভবনে হামলার জেরে খামেনেইয়ের মুখে গুরুতর আঘাত লাগে। জানা গিয়েছে, এই হামলায় তাঁর মুখ বিকৃত হয়ে গিয়েছে। পায়েও আঘাত লেগেছে তাঁর। দু'টো পা-ই নাকি নষ্ট হয়ে গিয়েছে।

তেহরান : ইরানের নয়া সুপ্রিম লিডার মোজ়তবা খামেনেই কি আদৌ বেঁচে রয়েছেন? কখনও শোনা যাচ্ছে, তিনি গুরুতর অসুস্থ, কখনও শোনা যাচ্ছে, তাঁর শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন ও ইজ়রায়েলি রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে। এবার মোজ়তবা খামেনেইকে নিয়ে আরও একটা চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, যে বিমান হামলায় তাঁর বাবা আলি খামেনেই নিহত হয়েছিলেন, সেই হামলাতেই গুরুতর আহত হয়েছিলেন মোজ়তবা খামেনেই। তবে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
মোজ়তবা খামেনেইয়ের ঘনিষ্ঠ সূত্র উল্লেখ করা হয়েছে রয়টার্সের একটি রিপোর্টে। সেখানে বলা হয়েছে, তেহরানে সর্বোচ্চ নেতার বাসভবনে হামলার জেরে খামেনেইয়ের মুখে গুরুতর আঘাত লাগে। জানা গিয়েছে, এই হামলায় তাঁর মুখ বিকৃত হয়ে গিয়েছে। অর্থাৎ ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছে তাঁর মুখ। পায়েও আঘাত লেগেছে তাঁর। দু’টো পা-ই নাকি নষ্ট হয়ে গিয়েছে। তবে শারীরিক দিক থেকে অসুস্থ হলেও, ৫৬ বছর বয়সী নেতা মানসিকভাবে সুস্থ হয়েছেন। সজাগ রয়েছেন। ইরানের প্রশাসনিক সিদ্ধান্ত নিতেও সক্ষম তিনি। তিনি বর্তমানে অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করছেন এবং যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সক্রিয় রয়েছেন।
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তৈরি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টেই দাবি করা হয়েছে, মোজ়তবা খামেনেইয়ের শারীরিক অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসা চলছে। অচেতন অবস্থায় রয়েছেন। কোনও হাসপাতালে চিকিৎসা চলছে। যুদ্ধবিষয়ে কোনওরকম নির্দেশ দিতেও তিনি অক্ষম বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, যে কোনও সময় তাঁর মৃত্যু হতে পারে। এমনকী, তাঁর শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হতে পারে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারিতে হামলার পর থেকে মোজ়তবা খামেনেইকে জনসমক্ষে দেখা যায়নি। তাঁর বাবা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ৮ মার্চ তাঁকে সর্বোচ্চ লিডার হিসেবে নিযুক্ত করা হয়। তারপর থেকে তাঁর কোনও ছবি বা ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসেনি। তারই মধ্যে বারবার ট্রাম্প দাবি করেছেন, অসুস্থ রয়েছেন খামেনেই। যেকোনও সময় মৃত্যু হতে পারে তাঁর। তবে, ইরানের তরফে খামেনেইয়ের পরিস্থিতি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ইরানের এই নীরব থাকাই খামেনেইয়ের অসুস্থতার জল্পনাকে উস্কে দিয়েছে বারবার।
