Iran-US Conflict : ইরান-আমেরিকা যুদ্ধের এক মাস, কত মানুষের মৃত্যু, খরচ হল কত, জেনে নিন

One month of Iran-US Conflict : দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর থেকে ১২টিরও বেশি দেশে এই যুদ্ধের প্রভাব পড়েছে। যুদ্ধের বলি হয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ইরানেই মৃত্যু হয়েছে প্রায় ১,৯০০ জনের। ইরানের যুদ্ধের বলি হয়েছেন ৭ ভারতীয়ও। ইরানের দু'টি বড় ইস্পাত কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

Iran-US Conflict : ইরান-আমেরিকা যুদ্ধের এক মাস, কত মানুষের মৃত্যু, খরচ হল কত, জেনে নিন
ইরান-আমেরিকার যুদ্ধের এক মাসImage Credit source: Meta AI

Mar 28, 2026 | 5:57 PM

ওয়াশিংটন ও তেহরান : ২৮ ফেব্রুয়ারি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ ঘনাল। নামল গোলা-বারুদের বৃষ্টি। বুক কাঁপানো মুহুর্মুহু বিস্ফোরণ। আজ ২৮ মার্চ। এক মাস হয়ে গেল, সেই মেঘ কেটে এখনও রোদের দেখা মিলল না। গোলা-বারুদের বৃষ্টি থামার বদলে উত্তরোত্তর বাড়ছে। ইরান-আমেরিকার মধ্যে যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। বরং যুদ্ধের বলি হলেন হাজার হাজার সাধারণ মানুষ। বন্ধ হল হরমুজ় প্রণালী। বাণিজ্য থমকে গেল। তেল ও গ্যাসের সংকট দেখা গেল। গোটা বিশ্বকে নাড়িয়ে দিল এই একটা যুদ্ধ। এক মাস পর কোথায় দাঁড়িয়ে রয়েছে ইরানের যুদ্ধ? এই একটা যুদ্ধে কত মানুষের মৃত্যু হল, কত খরচ হল, জেনে নেওয়া যাক।

কীভাবে শুরু হল যুদ্ধ

২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েল যৌথভাবে তেহরান, মিনাবসহ একাধিক শহরে বিমান হামলা শুরু করে। পাল্টা ইরানও হামলা চালায় ইজ়রায়েল ও উপসাগরীয় দেশগুলিতে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় কুয়েত,সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব এবং জর্ডনে। আমেরিকার একাধিক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এদিকে, আমেরিকা ও ইজ়রায়েল যৌথ হামলা চালায় ইরানের একটি স্কুলেও। হামলায় প্রাণ যায় শয়ে শয়ে শিশুর। গত এক মাসে দুই তরফেই হামলার ঝাঁঝ বাড়িয়েছে।

কত ক্ষয়ক্ষতি হয়েছে

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে আমেরিকা। ইরানের প্রতিরক্ষা কাঠামোতেও হামলা চালানো হয়েছে। এছাড়া ১৫০র বেশি ইরানি নৌযান ধ্বংস করা হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর থেকে ১২টিরও বেশি দেশে এই যুদ্ধের প্রভাব পড়েছে। যুদ্ধের বলি হয়েছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ইরানেই মৃত্যু হয়েছে প্রায় ১,৯০০ জনের। ইরানের যুদ্ধের বলি হয়েছেন ৭ ভারতীয়ও। ইরানের দু’টি বড় ইস্পাত কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। আমেরিকার জন্য এখনও পর্যন্ত যুদ্ধের খরচ হয়েছে ১.৪ থেকে ২.৯ বিলিয়ন ডলার পর্যন্ত। যা ভারতীয় টাকায় ১৩ হাজার ২৮০ কোটি টাকার বেশি।

সংঘাত শুধু ইরানেই সীমাবদ্ধ নয়। লেবাননেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ১,১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়েছে।

হরমুজ প্রণালী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। একের পর এক জাহাজ আটকে পড়ে হরমুজ়ে। থমকে যায় বিশ্ববাণিজ্য। তেল-গ্যাসের সংকট দেখা দেয়। এরই মাঝে ট্রাম্প হুঁশিয়ারি দেয়, হরমুজ় খুলে দিতে হবে। এরপর ইরান জানিয়েছে, বন্ধু দেশগুলির জন্য হরমুজ় খোলা রয়েছে। সেই তালিকায় রয়েছে ভারত। ইতিমধ্যেই বেশ কয়েকটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী দিয়ে দেশে এসে পৌঁছেছে। তবে, আমেরিকা ও ইজ়রায়েলের জন্য হরমুজ় বন্ধ থাকবে।

বর্তমান পরিস্থিতি

যুদ্ধ কি থামবে? ইরান ও আমেরিকা একে অপরকে বেশ কয়েকটি শর্ত দিয়েছে। এরই মধ্যে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভালই চলছে বলে জানিয়েছেন তিনি। যার ফলস্বরূপ ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে ১০দিন পর্যন্ত হামলা চালাবে না বলে জানিয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ইরান ও আমেরিকার কোন সিদ্ধান্তে পৌঁছয়, আদৌ দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় কিনা, সেদিকেই নজর থাকবে। সব মহলের।

Follow Us