১ বিলিয়ন ডলার আর দেশের সবথেকে সুন্দরী মেয়ে! চাই-ই চাই উগান্ডার প্রেসিডেন্টের ছেলের
Muhoozi Kainerugaba Viral Controversy: এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে উগান্ডার প্রেসিডেন্টের ছেলে লিখেছেন যে সোমালিয়ায় পরিকাঠামো ও ব্যবসা থেকে তুরস্ক অনেক উপকৃত হচ্ছে। সেখানেই উগান্ডা এত বছর ধরে নিরাপত্তার বোঝা বয়ে চলেছে। সিকিউরিটি ডিভিডেন্ড হিসাবে ১ বিলিয়ন ডলার দাবি করেছেন তুরস্কের কাছ থেকে।

উগান্ডা: তুরস্কের কাছে আজব দাবি উগান্ডার সেনা প্রধানের। তাঁর চাই দেশের সবথেকে সুন্দর দেখতে মেয়ে! তাঁকে বিয়ে করে স্ত্রী বানাবেন। সঙ্গে আবার চাই ১ বিলিয়ন ডলারও। কেন এমন দাবি করছেন তিনি?
উগান্ডার প্রেসিডেন্ট ইয়ারি মুসেভানির ছেলে মুহোজ়ি কাইনিরুাগাবা। তিনি আবার দেশের সেনা প্রধানও। তাঁর দাবি, আঞ্চলিক সুরক্ষা বজায় রাখতে উগান্ডার যে অবদান, তা স্বীকৃতি পায় না। এর জন্য তাদের আর্থিক ক্ষতিপূরণ পাওনা। সেই বাবদই ১ বিলিয়ন ডলার ও তুরস্কের সবথেকে সুন্দরী মহিলাকে দাবি করেছেন। তাঁকে নাকি বিয়ে করবেন!
এখানেই শেষ নয়, হুমকি দিয়েছেন যে যদি তাঁর দাবি পূরণ না করা হয়, তাহলে তুরস্কের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবেন এবং ৩০ দিনের মধ্যে কাম্পালাতে দূতাবাস বন্ধ করে দেবেন।
এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে উগান্ডার প্রেসিডেন্টের ছেলে লিখেছেন যে সোমালিয়ায় পরিকাঠামো ও ব্যবসা থেকে তুরস্ক অনেক উপকৃত হচ্ছে। সেখানেই উগান্ডা এত বছর ধরে নিরাপত্তার বোঝা বয়ে চলেছে। সিকিউরিটি ডিভিডেন্ড হিসাবে ১ বিলিয়ন ডলার দাবি করেছেন তুরস্কের কাছ থেকে। এই টাকা না দিলে উগান্ডায় তুরস্কের দূতাবাস এবং তুরস্কেও উগান্ডার দূতাবাস বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। এটিকে সোশ্যাল মিডিয়ায় নাটক বলে গণ্য না করতেই বলেছেন। একইসঙ্গে উগান্ডার বাসিন্দাদের নিজেদের সুরক্ষার জন্য তুরস্কে ভ্রমণ করতে বারণ করেছেন সে দেশের সেনা প্রধান।
উল্লেখ্য, আফ্রিকান ইউনিয়ন মিশনের অধীনে সোমালিয়ায় প্রায় দুই দশক ধরে উগান্ডা সেনা মোতায়েন করে রেখেছে। মূলত জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সঙ্গেই লড়াই করতে হয় উগান্ডার সেনাকে। এই জঙ্গিগোষ্ঠী আবার আল-কায়দার সঙ্গে যুক্ত।
এদিকে, উগান্ডার সেনা প্রধান তথা প্রেসিডেন্টের ছেলে এই প্রথম নয়, এর আগেও বিয়ে করার জন্য আজব সব দাবি করেছেন। ২০২২ সালে তিনি প্রকাশ্যে বলেছিলেন যে তিনি ১০০টি আঙ্কোল গরু, যা পৃথিবীর সবথেকে সুন্দর গরু বলা হয়, তা দিতে রাজি আছেন, তার বদলে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বিয়ে দিতে হবে।
