AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Certificate Update: নিজেকে যেতে হবে না, বাড়ি থেকে এসে Life Certificate নিয়ে যাবে! পেনশনভোগীরা এই সুবিধা কীভাবে পাবেন?

Central Govt Pensioners: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, পেনশনভোগীরা এখন তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) বা জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার জন্য 'ডোরস্টেপ সার্ভিস' গ্রহণ করতে পারবেন। বায়োমেট্রিক অথেন্টিকেশন, ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে পেনশনভোগীদের তাদের জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৩০ নভেম্বর।

Life Certificate Update: নিজেকে যেতে হবে না, বাড়ি থেকে এসে Life Certificate নিয়ে যাবে! পেনশনভোগীরা এই সুবিধা কীভাবে পাবেন?
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Oct 25, 2026 | 9:11 AM
Share

নয়া দিল্লি: পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বছরের শেষভাগ চলে আসতেই আবার এক জরুরি কাজ করতে হবে সকল পেনশনভোগীকে। নাহলেই আটকে যাবে পেনশনের টাকা। তা হল, লাইফ সার্টিফিকেট জমা দেওয়া। এই লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা না দিলে পরবর্তীতে পেনশন পেতে সমস্যা হয়। তাই সকলের এই সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু যারা অসুস্থ বা শয্যাশায়ী? তারা জীবন প্রমাণপত্র জমা দেবেন কী করে? সেই সমস্যার সমাধান করে দিল ইপিএফও। কী বলছে সংস্থা?

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, পেনশনভোগীরা এখন তাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) বা জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার জন্য ‘ডোরস্টেপ সার্ভিস’ গ্রহণ করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ -এ ইপিএফও-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, “পেনশনভোগীদের এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই! ঘরে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) পরিষেবা পেতে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB)-কে ফোন করুন। আপনার সুবিধামতো, আপনার দোরগোড়ায় মিলবে!”

উল্লেখ্য, বায়োমেট্রিক অথেন্টিকেশন, ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে পেনশনভোগীদের তাদের জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৩০ নভেম্বর।

ইপিএফও ডাক বিভাগকে ডোরস্টেপ ডিএলসি পরিষেবা প্রদানের জন্য অনুমোদন দিয়েছে। এর ফলে পেনশনভোগীরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে জীবন প্রমাণ শংসাপত্র জমা দিতে পারবেন।

ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক  পেনশনভোগীদের দোরগোড়ায় এই পরিষেবা পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। পেনশনভোগীদের জন্য ডিএলসি (ডিজিটাল লাইফ সার্টিফিকেট) তৈরির জন্য এটিকে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের তৈরি ও পরিচালিত অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।

কীভাবে বাড়ি বসে লাইফ সার্টিফিকেট জমা দেবেন?

  • পেনশনভোগীরা 033-22029000 নম্বরে ফোন করে পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবককে তাঁদের বাড়িতে আসার জন্য অনুরোধ করতে পারেন। এই পরিষেবাটি আইপিপিবি এবং নন-আইপিপিবি গ্রাহক – উভয়ের জন্যই উপলব্ধ।
  • প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি ‘প্রমাণ আইডি’ তৈরি হয়, যা এনআইসি সরাসরি পেনশনভোগীর সঙ্গে শেয়ার করে।
  • ‘প্রমাণ আইডি’ তৈরি হয়ে গেলে, পেনশনভোগীরা https://jeevanpramaan.gov.in/ppouser/login লিঙ্কের মাধ্যমে তাঁদের ডিএলসি ডাউনলোড করতে পারবেন।
  • একটি ডিএলসি তৈরি করার জন্য ৭০ টাকা (জিএসটি ও সেস সহ)  ফি দিতে হবে।
  • ডিএলসি ইস্যু করার জন্য আইপিপিবি বা নন-আইপিপিবি গ্রাহকদের উপর কোনো অতিরিক্ত ডোরস্টেপ চার্জ আরোপ করা হবে না।

উল্লেখ্য, ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইট অনুসারে, যে সকল পেনশনভোগীর পেনশন বিতরণকারী সংস্থা ডিএলসি চালু রেখেছে, তাঁরা ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। অনুমোদনকারী কর্তৃপক্ষ এবং পেনশন বিতরণকারী সংস্থাগুলির একটি তালিকা এখানে পাওয়া যাবে — https://jeevanpramaan.gov.in/misc/circular

লাইফ সার্টিফিকেট কী?

লাইফ সার্টিফিকেট একটি সরকারি ব্যবস্থা, যার মাধ্যমে পেনশনভোগীরা ইলেকট্রনিকভাবে তাদের বার্ষিক জীবন প্রমাণপত্র জমা দিতে পারেন। এই প্রমাণপত্রটি পেনশনভোগীর জীবিত থাকার প্রমাণ দেয়।

Follow Us