Gold Price in India: এখনই সোনা কিনতে পিছিয়ে যাচ্ছেন? সোনার দাম ১ লাখ ৬০ হাজার পৌঁছতে আর বেশি দেরি নেই কিন্তু!
Gold Price Prediction: বর্তমানে সোনার দাম দেখে অনেকেই অপেক্ষা করে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা ভাবছেন, এই যুদ্ধ, টানাপোড়েন কমলে হয়তো সোনার দামে পতন হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনই সুবর্ণ সুযোগ সোনার গহনা কেনার।

নয়া দিল্লি: ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ফের একবার মূল্যবৃদ্ধি ও অনিশ্চয়তার মুখে পড়েছে গোটা বিশ্ব। বিনিয়োগেও কেউ আর ঝুঁকি নিতে চাইছেন না। ফলে আবারও বেড়েছে সোনার দাম (Gold Price)। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলার পার করেছে। দেশের বাজারেও ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ৪০ হাজার থেকে ১ লাখ ৪২ হাজারে পৌঁছে গিয়েছে।
সোনার দাম কমবে?
ইরান-আমেরিকার যুদ্ধে কখনও ইতি, কখনও আবার নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার কারণে বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে যুদ্ধ শুরু বা থামার সঙ্গে তাল মিলিয়ে অপরিশোধিত ক্রুড তেলের দাম ওঠা-নামা করলেও, সোনার দামে চোখে পড়ার মতো কোনও সংশোধন বা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বিশেষজ্ঞদের মতে, সোনার দামে বিশেষ কোনও পরিবর্তনও আসার সম্ভাবনা নেই। খুব বেশি হলে ৫ শতাংশ পতন হতে পারে সোনার দামে।
বর্তমানে সোনার দাম দেখে অনেকেই অপেক্ষা করে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা ভাবছেন, এই যুদ্ধ, টানাপোড়েন কমলে হয়তো সোনার দামে পতন হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনই সুবর্ণ সুযোগ সোনার গহনা কেনার। সোনার দাম এই সময়ে পতন হয়ে ১ লক্ষ ৩৫ হাজারে নেমে আসতে পারে, কিন্তু তার বেশি নয়। ভবিষ্যতেও সোনার দাম কমার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই যাদের সোনার গহনা কেনার পরিকল্পনা, তারা এখনই কিনে নেওয়া উচিত।
সব গণ্ডি পার করবে সোনা?
সামনেই আবার উৎসবের মরশুম। কয়েক মাস পরই দুর্গাপুজো, দীপাবলি। এই সময়ে সোনা-রুপোর চাহিদা তুঙ্গে থাকে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে সোনার দাম আগের বছরের মতো বা সেই দামও ছাড়িয়ে যেতে পারে। এমনকী, ১ লাখ ৬০ হাজারের গণ্ডি পার করতে পারে বলে অনুমান।
রুপোর দামও এইভাবেই বাড়তে পারে। দীপাবলির সময়ে রুপোর দাম ২ লাখ ২৮ হাজারের গণ্ডি পার করে যেতে পারে। তাই যাদের সোনা বা রুপোর গহনা কেনার প্ল্যান, তাদের আর অপেক্ষা না করে এখনই কিনে নেওয়া ভালো বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
