Aadhaar Card Photo Change: আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না? বদলে ফেলুন সহজেই, জানুন পুরো প্রক্রিয়া
Aadhaar Card: আবার পুরনো ছবি পরিষ্কার না হওয়া বা পছন্দ না হওয়ার কারণেও অনেকেই আধার কার্ডের ছবি বদলাতে চান। জানেন কি আধার কার্ডের ছবি বদলানো যায়? তবে ছবি পরিবর্তনের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে কিন্তু আধারের ছবি বদলানো যায় না।

কথায় কথায় অনেকেই নিজের আধার কার্ডের ছবি নিয়ে মজা-ইয়ার্কি করেন। তবে আধার কার্ডে থাকা সব তথ্য সঠিক ও আপডেটেড রাখা অত্যন্ত জরুরি। বয়স বাড়ার সঙ্গে অনেকের চেহারায় পরিবর্তন আসে। আবার পুরনো ছবি পরিষ্কার না হওয়া বা পছন্দ না হওয়ার কারণেও অনেকেই আধার কার্ডের ছবি বদলাতে চান। জানেন কি আধার কার্ডের ছবি বদলানো যায়? তবে ছবি পরিবর্তনের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে কিন্তু আধারের ছবি বদলানো যায় না। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজে গিয়ে আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রে উপস্থিত হতে হবে। UIDAI-এর নিয়ম অনুযায়ী, ছবি পরিবর্তন একটি বায়োমেট্রিক আপডেটের অংশ।
কীভাবে বদলাবেন আধারের ছবি?
আধার কার্ডের ছবি পরিবর্তনের জন্য প্রথমে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে আধার এনরোলমেন্ট/আপডেট ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং ছবি আপডেটের বিষয়টি উল্লেখ করতে হবে।
এরপর ফর্মটি আধার কেন্দ্রের কর্মীর কাছে জমা দিতে হবে। আপনার নতুন ছবি কেন্দ্রেই লাইভ ক্যামেরার মাধ্যমে তোলা হবে। অর্থাৎ, বাড়ি থেকে আগে তোলা কোনও ছবি নিয়ে গিয়ে আধারে আপলোড করার সুযোগ নেই।
ছবি তোলার পাশাপাশি প্রয়োজনীয় বায়োমেট্রিক যাচাইও করা হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে আবেদনকারীর হাতে একটি Acknowledgement Slip দেওয়া হবে। সেখানে থাকা আপডেট সংক্রান্ত নম্বর ব্যবহার করে আবেদনের অগ্রগতি পরবর্তীতে জানা যাবে।
কত টাকা খরচ হবে?
UIDAI-এর বর্তমান FAQ অনুযায়ী, আধারের ছবি পরিবর্তন বায়োমেট্রিক আপডেটের আওতায় পড়ে। এর জন্য ১০০ টাকা ফি দিতে হবে। তবে, ছবির আপডেট কতবার করা যাবে, তার কোনও নির্দিষ্ট সীমাও UIDAI উল্লেখ করেনি।
ছবি বদলাতে কি কোনও নথি লাগবে?
শুধু আধারের ছবি পরিবর্তনের জন্য আলাদা করে কোনও ছবি বা নথি নিয়ে গিয়ে আপলোড করার প্রয়োজন নেই। আধার কেন্দ্রেই আবেদনকারীর নতুন ছবি তোলা হয় এবং বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করা হয়।
কতদিন সময় লাগতে পারে?
আধারের ছবি পরিবর্তনের আবেদন জমা দেওয়ার পর আপডেট সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সর্বোচ্চ প্রায় এক মাস পর্যন্ত সময় লাগতে পারে, যদিও অনেক ক্ষেত্রে তার আগেই আপডেট হয়ে যায়।
আবেদনের স্ট্যাটাস কীভাবে জানবেন?
আধার আপডেটের আবেদন জমা দেওয়ার পর পাওয়া acknowledgement slip-টি অবশ্যই যত্ন করে রাখতে হবে। সেখানে থাকা আপডেট সংক্রান্ত নম্বর ব্যবহার করে UIDAI-এর ওয়েবসাইটে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখা যায়।
আপডেট সম্পূর্ণ হয়ে গেলে UIDAI-এর ‘My Aadhaar’ পরিষেবার মাধ্যমে নতুন তথ্য-সহ e-Aadhaar ডাউনলোড করা যায়।
সুতরাং, আধার কার্ডের ছবি বদলাতে চাইলে অনলাইনে কোনও ছবি আপলোড করার চেষ্টা না করে সরাসরি অনুমোদিত আধার কেন্দ্রেই যেতে হবে। কেন্দ্রেই নতুন ছবি তোলা হবে এবং বায়োমেট্রিক যাচাইয়ের পর আপডেটের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
