Indian Railways: ট্রেনের টিকিট কাটার সময় ট্রাভেল বিমা নেন? এই নিয়ম না জানলে কিন্তু বিপদে পড়বেন
Railway Rules: রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, টিকিট কাটার সময় কোনও যাত্রী ভ্রমণ বিমা নিলে টিকিটের বিমার প্রিমিয়াম মিলিয়ে পুরো টাকা ডিজিটাল মাধ্যমে জমা দিতে হবে। তবে কেউ যদি বিমা নিতে না চায়, তাহলে সাধারণ পেমেন্টের নিয়মই চালু থাকবে। অর্থাৎ, তখন ক্যাশ টাকা দিলেও দেওয়া যেতে পারে।

কলকাতা: আজ, ২৭ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল। আজ থেকে রেলের টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় ভ্রমণ বিমা নিতে গেলে সম্পূর্ণ টাকার পেমেন্ট করতে হবে ডিজিটাল মাধ্যমে। অর্থাৎ, টিকিটের ভাড়া ও বিমার প্রিমিয়াম – দুটির টাকাই অনলাইন বা কোনও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে দিতে হবে। রেল বোর্ডের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
এত দিন অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় যাত্রীরা ভ্রমণ বিমা নেয়ার সুযোগ পেতেন। এবার সেই সুবিধা রেলের টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটার ক্ষেত্রে চালু করা হচ্ছে। গত ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। সেই অনুযায়ী, টিকিট বুকিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে।
বিমা নিলে অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক-
রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, টিকিট কাটার সময় কোনও যাত্রী ভ্রমণ বিমা নিলে টিকিটের বিমার প্রিমিয়াম মিলিয়ে পুরো টাকা ডিজিটাল মাধ্যমে জমা দিতে হবে। তবে কেউ যদি বিমা নিতে না চায়, তাহলে সাধারণ পেমেন্টের নিয়মই চালু থাকবে। অর্থাৎ, তখন ক্যাশ টাকা দিলেও দেওয়া যেতে পারে। রেলের তরফে জানানো হয়েছে, টিকিট বাতিল করলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বিমার প্রিমিয়ামের একটি অংশও কেটে নেওয়া হবে। উদাহরণ হিসেবে, বিমার প্রিমিয়াম যদি ৫ টাকা হয়, তাহলে ২ টাকা কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে। তাই টিকিট কাটার আগে বিমার শর্ত ও টাকা রিফান্ডের নিয়ম ভাল করে জেনে নেওয়া জরুরি।
সফ্টওয়্যারে বদল আনছে CRIS
রেলের টিকিট বুকিং ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (CRIS) ইতিমধ্যেই প্রয়োজনীয় সফটওয়্যার বদল করেছে। বর্তমানে এই বদলটি পরীক্ষা চলছে। এই কাজের জন্য IRCTC র সঙ্গেও কথা বলছে এই সংস্থাটি। পাশাপাশি, রেলের বিভিন্ন জনকে তাদের টিকিট কাউন্টারগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। রেলের দাবি, এই নতুন ব্যবস্থা চালু হলে টিকিট ও বিমার টাকা জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।
