Tatkal Ticket Booking: IRCTC-র নয়া ওয়েবসাইটে দ্রুত তৎকাল টিকিট বুক করবেন কীভাবে? দেখে নিন স্টেপ বাই স্টেপ
IRCTC New Website Features: যাত্রার এক দিন আগে তৎকাল টিকিট বুক করা যায়। তবে, টিকিট বুকিংয়ে কিছু পরিবর্তন আনা হলেও, বুকিং সময় একই রাখা হয়েছে। সকাল ১০টাতে এসি ক্লাস (1A, 2A, 3A, এক্সিকিউটিভ চেয়ার কার)-এর জন্য বুকিং শুরু হয়। সকাল ১১টাতে স্লিপার ও সেকেন্ড সিটিং-সহ নন-এসি ক্লাসের বুকিং শুরু হয়।

নয়া দিল্লি: IRCTC-র নতুন ওয়েবসাইটের বিটা ভার্সন চালু করেছে ভারতীয় রেল (Indian Railway New Website)। নতুনভাবে ডিজাইন করা হয়েছে এই ওয়েবসাইট। IRCTC-র নতুন ওয়েবসাইটে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে তৎকালে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। কমানো হয়েছে ক্যাপচার (CAPTCHA) ব্যবহার, ওয়েবসাইটের গতি বেড়েছে এবং আসন সংখ্যা (Seat Availability) দ্রুত দেখা যাবে। ফলে তৎকাল টিকিট বুকিংয়ের সময় বাঁচবে বলে মনে করছে ভারতীয় রেল (Indian Railway)।
কখন শুরু হয় তৎকাল বুকিং?
যাত্রার এক দিন আগে তৎকাল টিকিট বুক করা যায়। তবে, টিকিট বুকিংয়ে কিছু পরিবর্তন আনা হলেও, বুকিং সময় একই রাখা হয়েছে।
সকাল ১০টা: এসি ক্লাস (1A, 2A, 3A, এক্সিকিউটিভ চেয়ার কার)-এর জন্য বুকিং শুরু হয়। সকাল ১১টা: স্লিপার ও সেকেন্ড সিটিং-সহ নন-এসি ক্লাসের বুকিং শুরু হয়।
অনলাইন ও রেল কাউন্টার, দুই ক্ষেত্রেই বুকিংয়ের সময় একই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এক দিন আগে টিকিট বুকিং মানে হল ট্রেন যে স্টেশন থেকে যাত্রা শুরু করে, সেই স্টেশন থেকে ট্রেন ছাড়ার দিনকে ধরা হয়। মাঝপথের কোনও স্টেশন থেকে উঠলে বুকিংয়ের দিন আলাদা হতে পারে।
নতুন IRCTC ওয়েবসাইটে তৎকাল টিকিট বুক করবেন কীভাবে?
আগে থেকেই লগ-ইন করুন
বুকিং শুরুর অন্তত ১০ মিনিট আগে IRCTC-র বিটা ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন।
ট্রেন সার্চ করুন
বোর্ডিং স্টেশন অর্থাৎ যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন, গন্তব্যস্থল, যাত্রার তারিখ লিখে কোটা অপশন থেকে তৎকাল বেছে নিন। তারপর সার্চ ট্রেনে ক্লিক করুন।
আসনসংখ্যা দেখে নিন
নতুন ওয়েবসাইটে একসঙ্গেই বিভিন্ন ক্লাসের আসন দেখা যাবে। ফলে আলাদা আলাদা করে প্রতিটি ক্লাস দেখার প্রয়োজন হবে না।
ট্রেন বেছে নিন
পছন্দের ট্রেন ও ক্লাস বেছে Check Availability-তে ক্লিক করুন। সিট থাকলে বুক অপশনে যান।
যাত্রীর তথ্য দ্রুত পূরণ করুন
নাম, বয়স, লিঙ্গ ও পরিচয়পত্রের তথ্য আগে থেকেই সেভড প্যাসেঞ্জার প্রোফাইলে সেভ করে রাখলে বুকিং আরও দ্রুত করা যাবে।
OTP যাচাই ও পেমেন্ট
২০২৫ সালের জুলাই থেকে অনলাইনে তৎকাল টিকিট বুক করতে আধার-ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। তাই আগে থেকেই IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও ভেরিফাই করে রাখা জরুরি। OTP যাচাই হয়ে গেলে দ্রুত পেমেন্ট করে নিন।
আর কী কী বদল হয়েছে?
- তৎকাল টিকিটে কোনও ধরনের ভাড়া ছাড় (Concession) পাওয়া যায় না।
- কনফার্ম তৎকাল টিকিট বাতিল করলে সাধারণত টাকা ফেরত পাওয়া যায় না।
- তবে ট্রেন বাতিল হলে বা টিকিট ওয়েটিং লিস্টে থেকে গেলে নিয়ম অনুযায়ী রিফান্ড পাওয়া যায়।
এছাড়া সাধারণ যাত্রীদের সুবিধার জন্য বুকিং শুরুর প্রথম ৩০ মিনিট অনুমোদিত এজেন্টদের তৎকাল টিকিট বুক করার অনুমতি থাকে না।
এসি তৎকাল: সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এজেন্টদের বুকিং নিষিদ্ধ। নন-এসি তৎকাল: সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই নিয়ম প্রযোজ্য।
রেল কর্তৃপক্ষের আশা, নতুন ওয়েবসাইটের দ্রুত লোডিং, কম ক্যাপচা এবং সহজ ইন্টারফেসের ফলে তৎকাল বুকিংয়ের সময় যাত্রীদের সফলভাবে টিকিট পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই বাড়বে।
