Railways Bedroll: ট্রেনের কম্বল-চাদরে থাকবে QR Code, ব্যাগে পুরলেই সর্বনাশ! বড় প্ল্যান রেলের
Indian Railways: সম্প্রতিই একটি তথ্যের অধিকার বা আরটিআই-তে উঠে এসেছে যে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে অন্তত ১.২৭ কোটি বেডরোলের সামগ্রী চুরি গিয়েছে! এবার এই চুরি রুখতেই বড় পরিকল্পনা ভারতীয় রেলের।

নয়া দিল্লি: প্রতি বছর কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে ভারতীয় রেলের শুধুমাত্র চুরির কারণে। সম্প্রতিই একটি তথ্যের অধিকার বা আরটিআই(RTI)-তে উঠে এসেছে যে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে অন্তত ১.২৭ কোটি বেডরোলের সামগ্রী চুরি গিয়েছে! এবার এই চুরি রুখতেই বড় পরিকল্পনা ভারতীয় রেলের (Indian Railways)। ট্রেন থেকে কম্বল, চাদর, বালিশ ও টাওয়াল চুরি রুখতে কিউআর কোড, সিসিটিভি-র ব্যবস্থা করা হচ্ছে।
আরটিআই-তে উঠে এসেছে, চার বছরে রেলের ১৬টি জোনে ৫৪টি রেলওয়ে ডিভিশনে ১০৪.৫১ কোটি টাকার বেডরোল চুরি গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, কোনও যাত্রী যদি বেডরোল নিতে গিয়ে ধরা পড়েন, তবে রেলওয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।
কোচ মিত্র অ্য়াপ রাখবে নজর-
রেলের পরিকল্পনার সবথেকে বড় অংশ হল কোচ মিত্র অ্যাপ্লিকেশনের ব্যবহার। ইতিমধ্যেই নর্থ-ওয়েস্টার্ন রেলওয়ের বিকানের ডিভিশনে এই অ্যাপের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ডিজিটালি ট্রাক করা হচ্ছে সমস্ত বেডরোল। এই সেকশনেই সবথেকে বেশি বেডরোল চুরি গিয়েছে।
কীভাবে নজরদারি চলবে?
জানা গিয়েছে, রেল মিত্র অ্য়াপের মাধ্যমে ট্রেনের অ্যাটেনটেন্টরা লিলেন বা বেডরোল ডিস্ট্রিবিউশনের রেকর্ড রাখবে। যাত্রীদের ওঠা ও নামার সময় প্রতিটি কোচে বেডরোলের হিসাব রাখা হবে।
কিউআর কোড-
রেলের কম্বল-চাদর চুরি রুখতে পরিকল্পনা করা হচ্ছে, প্রতিটি লিলেন আইটেমে কিউআর কোড থাকবে। কিউআর কোড থাকবে কম্বল, চাদর, বালিশে, যা বেডরোল সাফাই থেকে শুরু করে স্টোরেজ- সব ক্ষেত্রে স্ক্যান করা হবে। এতে কোনও জিনিস হারিয়ে গেলে, তার হিসাব রাখা যাবে।
সিসিটিভি-
একাধিক রেলওয়ে ডিভিশনে ইতিমধ্য়েই ট্রেনের কোচেও সিসিটিভি বসানো শুরু করেছে চুরি রুখতে। আম্বালা ডিভিশন যেখানে বেডরোল জমা থাকে, সেখানেও সিসিটিভি বসিয়েছে।
