AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ATM New Rules: ATM থেকে টাকা তোলার নিয়মে বড় বদল! মাসে কতবার ফ্রি লেনদেন, কত টাকা কাটবে চার্জ?

RBI new ATM rules 2026: প্রতি মাসে নির্ধারিত বিনামূল্যে লেনদেনের সংখ্যা পেরিয়ে গেলে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতে পারবে। তবে প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য সর্বোচ্চ ২৩ টাকা চার্জ ধার্য করতে পারবে ব্যাঙ্ক। এর সঙ্গে প্রযোজ্য করও দিতে হবে গ্রাহককে। তবে এই চার্জ ধার্য করার ক্ষেত্রে ব্যাঙ্কের বোর্ড-অনুমোদিত নীতি থাকতে হবে। পাশাপাশি, গ্রাহক ইতিমধ্যে কতগুলি বিনামূল্যে লেনদেন করেছেন এবং নির্ধারিত সীমা পেরোলে কত চার্জ দিতে হতে পারে, তা জানাতে হবে ব্যাঙ্ককে।

ATM New Rules: ATM থেকে টাকা তোলার নিয়মে বড় বদল! মাসে কতবার ফ্রি লেনদেন, কত টাকা কাটবে চার্জ?
প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 29, 2026 | 1:12 AM
Share

নয়া দিল্লি: এটিএম থেকে টাকা তোলার নিয়মে একাধিক নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। মাসে কতবার বিনামূল্যে টাকা তোলা যাবে, নির্ধারিত সীমার বেশি লেনদেন করলে কত চার্জ দিতে হবে, অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা কত, এমন একাধিক বিষয় স্পষ্ট করেছে আরবিআই। এটিএমের পাশাপাশি পয়েন্ট অফ সেল (PoS) টার্মিনালের মাধ্যমে নগদ টাকা তোলার নিয়মেও আনা হয়েছে নির্দিষ্ট নির্দেশিকা। ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নিয়মগুলি। এর মধ্যে বেশ কিছু পুরনো নির্দেশিকাও রয়েছে। ফলে এটিএম ব্যবহার করার আগে নতুন নিয়মগুলি জেনে রাখা জরুরি।

নিজের ব্যাঙ্কের ATM-এ মাসে ৫ বার বিনামূল্যে লেনদেন

সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন। অর্থাৎ, নগদ টাকা তোলা থেকে শুরু করে ব্যালান্স চেক করার মতো পরিষেবাও এই সীমার মধ্যে পড়বে।

অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রে মেট্রো শহরে প্রতি মাসে তিনটি এবং নন-মেট্রো শহরে পাঁচটি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন গ্রাহকরা। তবে মেট্রো ও নন-মেট্রো, এই দুই ধরনের এলাকার এটিএম মিলিয়ে ব্যবহার করলে মোট বিনামূল্যে লেনদেনের সংখ্যা মাসে পাঁচটির বেশি হবে না।

মেট্রো শহর নিয়ে বিভ্রান্তি দূর করতে ছয়টি শহরের নাম স্পষ্ট করে দিয়েছে RBI। মুম্বই, নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দরাবাদকে মেট্রো শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ছয়টি শহর ছাড়া বাকি সব জায়গা নন-মেট্রো বিভাগের অন্তর্ভুক্ত। তবে ব্যাঙ্ক চাইলে RBI-র নির্ধারিত ন্যূনতম সীমার চেয়েও বেশি বিনামূল্যে লেনদেনের সুযোগ দিতে পারে।

অন্য ব্যাঙ্কের ATM থেকে টাকা তোলার সীমা ১০ হাজার

নতুন নির্দেশিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন হল অন্য ব্যাঙ্কের এটিএম থেকে একবারে নগদ টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা নির্ধারণ। অর্থাৎ, নিজের ব্যাঙ্ক ছাড়া অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে একবারে ১০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না গ্রাহকরা। তাই অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের সময় এই সীমার কথা মাথায় রাখতে হবে।

সর্বোচ্চ ২৩ টাকা চার্জ

প্রতি মাসে নির্ধারিত বিনামূল্যে লেনদেনের সংখ্যা পেরিয়ে গেলে ব্যাঙ্কগুলি গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতে পারবে। তবে প্রতি অতিরিক্ত লেনদেনের জন্য সর্বোচ্চ ২৩ টাকা চার্জ ধার্য করতে পারবে ব্যাঙ্ক। এর সঙ্গে প্রযোজ্য করও দিতে হবে গ্রাহককে।

তবে এই চার্জ ধার্য করার ক্ষেত্রে ব্যাঙ্কের বোর্ড-অনুমোদিত নীতি থাকতে হবে। পাশাপাশি, গ্রাহক ইতিমধ্যে কতগুলি বিনামূল্যে লেনদেন করেছেন এবং নির্ধারিত সীমা পেরোলে কত চার্জ দিতে হতে পারে, তা জানাতে হবে ব্যাঙ্ককে।

ATM থেকে টাকা না উঠলে কোনও চার্জ নয়

প্রযুক্তিগত সমস্যা বা ব্যাঙ্ক কিংবা পরিষেবা প্রদানকারীর ত্রুটির কারণে এটিএম লেনদেন ব্যর্থ হলে তার জন্য কোনও চার্জ দিতে হবে না গ্রাহককে। হার্ডওয়্যার বা সফটওয়্যারের সমস্যা, নেটওয়ার্ক বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটিএমে নগদ টাকা না থাকা এবং নির্দিষ্ট কিছু ভ্যালিডেশন বা পিন সংক্রান্ত সমস্যার কারণে লেনদেন ব্যর্থ হলে তা মাসিক বিনামূল্যে লেনদেনের সীমার মধ্যেও গণনা করা হবে না। অর্থাৎ, এ ধরনের ব্যর্থ লেনদেনের জন্য গ্রাহকের বিনামূল্যে লেনদেনের সুযোগ কমবে না।

এটিএম ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেও ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে RBI। কোনও এটিএম মেট্রো না নন-মেট্রো এলাকার মধ্যে পড়ছে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি, টাকা তোলার সীমা, বিনামূল্যে লেনদেনের সংখ্যা এবং অতিরিক্ত চার্জ সংক্রান্ত তথ্য ইংরেজি, হিন্দি ও স্থানীয় ভাষায় প্রদর্শন করতে হবে।

PoS মেশিন থেকেও তোলা যাবে নগদ টাকা

শুধু এটিএম নয়, দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে থাকা পয়েন্ট অফ সেল (PoS) টার্মিনালের মাধ্যমে নগদ টাকা তোলার নিয়মও নির্দিষ্ট করে দিয়েছে RBI। এই পরিষেবার মাধ্যমে ডেবিট কার্ড, সম্পূর্ণ KYC করা প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPI) এবং UPI ব্যবহার করে টাকা তোলা যাবে।

PoS টার্মিনাল থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার টাকা তোলা যাবে। তবে সব জায়গা মিলিয়ে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা তোলার সীমা নির্ধারণ করা হয়েছে। এই পরিষেবার জন্য কোনও দোকান বা ব্যাঙ্ক চার্জ নিলে তা লেনদেনের মোট অঙ্কের ১ শতাংশের বেশি হতে পারবে না।

ব্যাঙ্কগুলি নিজেদের বোর্ড-অনুমোদিত নীতি অনুযায়ী এই পরিষেবা চালু করতে পারবে। যে সমস্ত দোকান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই সুবিধা পাওয়া যাবে, সেখানে পরিষেবাটির প্রাপ্যতা এবং প্রযোজ্য চার্জ স্পষ্টভাবে জানাতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, PoS টার্মিনাল থেকে নগদ টাকা তুলতে গেলে গ্রাহককে ওই দোকান থেকে কোনও পণ্য কিনতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, কিছু না কিনেও এই পরিষেবার মাধ্যমে টাকা তোলা যাবে। আর কেনাকাটার পাশাপাশি নগদ টাকা তুললে রসিদে কেনাকাটার মূল্য এবং তোলা নগদের পরিমাণ আলাদা করে উল্লেখ করতে হবে।

Follow Us