টাকা পাঠানোর নিয়মে বড় বদল করল RBI, একবারে কত টাকা পাঠাতে পারবেন? জেনে নিন
Reserve Bank of India: প্রতিটি লেনদেনের আগে অতিরিক্ত নিরাপত্তা যাচাই (Additional Factor of Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, টাকা পাঠানোর সময় গ্রাহকের পরিচয় ও লেনদেনের সত্যতা নিশ্চিত করতে অতিরিক্ত যাচাই করা হবে।

নয়া দিল্লি: এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানোর নিয়মে বড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার থেকে অন্তর্দেশীয় মানি ট্রান্সফার পরিষেবার মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট সীমা মেনে চলতে হবে গ্রাহকদের। একবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা পাঠানোর সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। অন্যদিকে, বিজনেস করেসপন্ডেন্টের মাধ্যমে নগদ টাকা জমা দিয়ে পাঠানোর ক্ষেত্রে এককালীন সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।
গত ১১ নভেম্বর এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে আরবিআই (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (অন্তর্দেশীয় আর্থিক লেনদেন) নির্দেশিকা ২০২৬ (Reserve Bank of India Domestic Money Transfer Directions, 2026) নামক এই নির্দেশিকায় অন্তর্দেশীয় টাকা ট্রান্সফারের পুরনো নিয়মগুলিকে এক জায়গায় আনা হয়েছে। নতুন নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। সেই নিয়মেই টাকা পাঠানোর ক্ষেত্রে গ্রাহকের পরিচয় যাচাই, নিরাপত্তা এবং লেনদেনের উপর নজরদারির নিয়মও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
মূলত যাঁদের ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের সুযোগ কম, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে এই নিয়ম তৈরি করা হয়েছে। অনেকের কাছে পর্যাপ্ত পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ না থাকায় ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া কঠিন হয়। তাঁদের যাতে সহজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টাকা পাঠানো যায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।
একবারে কত টাকা পাঠানো যাবে?
নতুন নির্দেশিকায় নগদ টাকা পাঠানোর ক্ষেত্রে দুটি আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
১. নগদ টাকা তোলা (Cash Pay-out)
এই ব্যবস্থায় কোনও গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো যাবে এমন ব্যক্তির কাছে, যাঁর নিজের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তিনি এটিএম (ATM), বিজনেস করেসপন্ডেন্ট বা অনুমোদিত অন্য কোনও মাধ্যমে সেই টাকা তুলতে পারবেন।
এই ক্ষেত্রে নিয়মগুলি হল—
- একবারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে।
- একজন প্রাপক এক মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পেতে পারবেন।
২. নগদ টাকা জমা দিয়ে পাঠানো (Cash Pay-in)
এই ব্যবস্থায় গ্রাহক ব্যাঙ্কের শাখায় গিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা নগদ জমা দিয়ে, এনইএফটি (NEFT)-এর মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তবে বিজনেস করেসপন্ডেন্ট, এটিএম বা অনুমোদিত অন্য কোনও মাধ্যম ব্যবহার করে টাকা পাঠানোর ক্ষেত্রে সীমা আলাদা।
- একবারে সর্বোচ্চ ৫ হাজার টাকা পাঠানো যাবে।
- একজন প্রেরক এক মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পাঠাতে পারবেন।
টাকা পাঠানোর আগে পরিচয় যাচাই বাধ্যতামূলক-
নতুন নিয়মে নগদ টাকা জমা দিয়ে পাঠানোর জন্য গ্রাহকের পরিচয় যাচাই করার নির্দেশ দিয়েছে আরবিআই। ব্যাঙ্ক এবং বিজনেস করেসপন্ডেন্ট-কে গ্রাহকের যাচাই করা মোবাইল নম্বর ও নিজের দেওয়া স্বঘোষিত ডকুমেন্ট (Officially Valid Document) জমা নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ ক্ষেত্রে আরবিআই-এর ২০২৫ সালের কেওয়াইসি (KYC) নির্দেশিকা মেনে চলতে হবে।
শুধু তাই নয়, প্রতিটি লেনদেনের আগে অতিরিক্ত নিরাপত্তা যাচাই (Additional Factor of Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, টাকা পাঠানোর সময় গ্রাহকের পরিচয় ও লেনদেনের সত্যতা নিশ্চিত করতে অতিরিক্ত যাচাই করা হবে।
সন্দেহজনক লেনদেনের উপর নজরদারি
নয়া নিয়মে বলা হয়েছে, টাকা পাঠানোর সময় প্রেরকের পরিচয় সংক্রান্ত তথ্য আইএমপিএস (IMPS) বা এনইএফটি (NEFT)-এর লেনদেনের বার্তার সঙ্গে যুক্ত করতে হবে। ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে লেনদেনের উপর নিয়মিত নজর রাখতে হবে। কোনও অ্যাকাউন্টে হঠাৎ অস্বাভাবিকভাবে বেশি টাকা জমা পড়লে, তা খতিয়ে দেখতে হবে। সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
পরিষেবার জন্য কত টাকা চার্জ দিতে হবে?
অন্তর্দেশীয় মানি ট্রান্সফার পরিষেবার জন্য ব্যাঙ্ক এবং অনুমোদিত নন-ব্যাঙ্ক পেমেন্ট সংস্থাগুলি যুক্তিসঙ্গত পরিষেবা মূল্য বা চার্জ নিতে পারবে। তবে গ্রাহকদের অভিযোগ জানানোর জন্য উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।
নতুন নির্দেশিকা দেশের বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, গ্রামাঞ্চল কো-অপারেটিভ ব্যাঙ্ক, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। অনুমোদিত পেমেন্ট অপারেটর এবং অংশগ্রহণকারী সংস্থাগুলিকেও এই নিয়ম মানতে হবে।
তবে কার্ড থেকে কার্ডে টাকা পাঠানোর ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে না।
উল্লেখ্য, ২০১১ সালের অক্টোবর মাসে দেশীয় মানি ট্রান্সফার নিয়ে প্রথম নির্দেশিকা জারি করেছিল আরবিআই। ২০২৪ সালের জুলাই মাসে সেই নিয়ম পর্যালোচনা করা হয়। এবার পুরনো নির্দেশিকাগুলিকে একত্র করে নতুন কাঠামো তৈরি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।
