LPG-PNG Gas: ডাবল কানেকশনে না! পিএনজি কানেকশন দ্রুত ফেরত দিতে হবে LPG সিলিন্ডার! কড়া নির্দেশিকা কেন্দ্রের
Gas Crisis in India: স্পষ্টভাবে এও বলা হয়েছে যে ব্যক্তির বাড়িতে ইতিমধ্যেই পিএনজি সংযোগ রয়েছে, তিনি নতুন করে কোনও ডোমেস্টিক এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন না। শুধু গ্রাহক নয়, তেল সরবরাহকারী সংস্থাগুলির জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

নয়াদিল্লি: বাড়িতে পিএনজি কানেকশন থাকলে এবার থেকে আর ডোমেস্টিক এলপিজি (LPG) সিলিন্ডার ব্যবহার করা যাবে না। ১৪ মার্চ, ২০২৬ তারিখে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে এই মর্মে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই নির্দেশিকা বলছে, যে সমস্ত গ্রাহকের বাড়িতে পিএনজি সংযোগ রয়েছে, তাঁদের অবিলম্বে রান্নার গ্যাসের সংযোগ সমর্পণ বা সারেন্ডার করতে হবে।
গ্যাসের কালোবাজারি রুখতে, বণ্টন আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। সংশোধন আনা হয়েছে ২০০০ সালের ‘এলপিজি (সরবরাহ ও বণ্টন নিয়ন্ত্রণ) অর্ডারে। ‘লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (রেগুলেশন অফ সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন) অর্ডার’-এর নতুন এই অ্যামেন্ডমেন্ট অর্ডার বলছে, পিএনজি ব্যবহারকারীরা কোনও সরকারি তেল কোম্পানি (যেমন- IOCL, BPCL, HPCL) বা তাদের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে এলপিজি সিলিন্ডারের রিফিল করতে পারবেন না। যাদের এই দু’টি সংযোগই রয়েছে, তাঁদের দ্রুত ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে এলপিজি কানেকশন সারেন্ডার করতে হবেই।
একইসঙ্গে স্পষ্টভাবে এও বলা হয়েছে যে ব্যক্তির বাড়িতে ইতিমধ্যেই পিএনজি সংযোগ রয়েছে, তিনি নতুন করে কোনও ডোমেস্টিক এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন না। শুধু গ্রাহক নয়, তেল সরবরাহকারী সংস্থাগুলির জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও পিএনজি গ্রাহককে এলপিজি সংযোগ দিলে বা সিলিন্ডার রিফিল করলে কোম্পানিগুলির জন্য এখন থেকে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
সাধারণত দেখা যায়, অনেকে পিএনজি সংযোগ থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এলপিজি সিলিন্ডার রেখে দেন। সরকারের মতে, এই ডাবল কানেকশনের ফলে রান্নার গ্যাসের অপচয় হয়। অনেক ক্ষেত্রে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই সঙ্কটের আবহে এই কড়াকড়ি শুরু করা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।
