
কলকাতা: তৃণমূল প্রার্থী মনোনয়ন বাতিল। কৃষ্ণনগর উত্তরের তৃণমূলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সেকশন 9A RP act অনুযায়ী তাঁর মনোনয়ন বাতিল হয়েছে। প্রশাসনের একটি সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার।
অভিনব ভট্টাচার্য দীর্ঘকাল ধরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এবারের নির্বাচনে দল তাঁকে কৃষ্ণনগর উত্তরের মতো একটি হাই-প্রোফাইল কেন্দ্রে প্রার্থী করে বড় চমক দিয়েছে। পেশাগতভাবে তিনি শিক্ষিত এবং স্পষ্টবক্তা হওয়ার কারণে দলের তরুণ প্রজন্মের কাছে তিনি বেশ জনপ্রিয়। কৃষ্ণনগরের মতো সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী শহরে একজন স্থানীয় এবং মেধাবী মুখকে প্রার্থী করা তৃণমূলের এক বিশেষ রণকৌশল হিসাবেই দেখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে প্রতিপক্ষ শিবিরের শক্তিশালী ভিত্তি রয়েছে। তবে অভিনব ভট্টাচার্যের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা তৃণমূলের ভোটব্যাঙ্ক মজবুত করতে সহায়ক হতে পারত।
কিন্তু আইনি জটিলতায় তাঁর মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সেই কারণেই তাঁর মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।