
চুঁচুড়া : দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে চুঁচুড়া বিধানসভায় কাকে প্রার্থী করবে বিজেপি? গত কয়েকদিন ধরে একাধিক নাম নিয়ে চর্চা চলছিল। এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল প্রার্থী। তবে, বুধবারই চুঁচুড়া বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। দীর্ঘদিনের কর্মী ও চুঁচুড়ার ভূমিপুত্র সুবীর নাগকে টিকিট দেওয়া হয়েছে। সুবীর নাগের নাম ঘোষণার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু। একইসঙ্গে ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়েছেন। পাল্টা দেবাংশুকে বিজেপি প্রার্থীর কটাক্ষ, “মঞ্চে উদ্বোধনী সঙ্গীত গায় বাচ্চারা। সাধারণত স্টার গায়করা মঞ্চে দেরিতেই ওঠে।”
বুধবার তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মোট ১৯টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে চুঁচুড়া বিধানসভা। এই আসন থেকে প্রার্থী করা হয়েছে সুবীর নাগকে। তিনি দীর্ঘদিনের বিজেপি কর্মী। বিজেপির হুগলি জেলা সভাপতি ছিলেন। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ভোটে লকেটকে জেতাতে তাঁর বড় ভূমিকা ছিল। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পরই সুবীর নাগ বলেন, “চুঁচুড়ার অলিগলি থেকে মানুষ চেয়েছিল আমাকে প্রার্থী করা হোক। দল সেই মর্যাদা দিয়েছে। আমিও চুঁচুড়াবাসীর দুঃখ দূর করার চেষ্টা করব। দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছি। এবার আরও বড় দায়িত্ব দিয়েছে। তা পালন করার চেষ্টা করব।”
বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পরই সুবীর নাগকে শুভেচ্ছা জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বী একজনকে পেয়েছি ভাল লাগল। কাউকে না কাউকে বিজেপি প্রার্থী তো করতই । শেষপর্যন্ত প্রার্থী করেছেন, খুবই ভাল কথা। তাঁকেও শুভেচ্ছা। তিনিও লড়াই করুন। তবে সুস্থভাবে লড়াই করুন। ডাবের জল খান, নুন চিনির জল খান। আর বিজেপি নেতারা যেন ওঁকে বলে দেন, লড়াই করছেন ভাল কথা। তবে হার তো নিশ্চিত। সেই মানসিক প্রস্তুতি নিয়েই যেন লড়াইতে নামেন তিনি।” তাঁর দাবি, তৃণমূল রেকর্ড মার্জিনে চুঁচুড়ায় জিতবে।
পাল্টা ৫০ হাজার মার্জিনে জেতার দাবি করেছেন সুবীর নাগ। তিনি বলেন, “তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা। তিনি বহু দূর থেকে এই লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন। আমি চাই তিনি চুঁচুড়ার মানুষকে চিনে নিক। তবে বহু সময় ব্যয় হবে। আমি চুঁচুড়ার মানুষের সামনে বড় হয়েছি। ঘরের মাঠ চেনা। সেঞ্চুরি করতে অসুবিধা হবে না। ৫০ হাজার মার্জিনে জিতব।”
বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করেছিলেন, তিনি একা মাঠে লড়াই করছেন। বিজেপি প্রার্থী দিতে পাচ্ছে না। সেই প্রসঙ্গে সুবীর নাগ বলেন,”প্রথম মঞ্চে যে গান গাইতে ওঠে উদ্বোধনী সংগীত, সেটা পাড়ার বাচ্চারাই করে। কখনও দেখেছেন স্টার আর্টিস্ট প্রথমে গান করতে আসেন? চুঁচুড়ার মানুষ স্টারের মতোই দেখবে আমাকে।”