Amit Shah on UCC: ‘চার বার বিয়ের সুযোগ পাবে না…’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের

Uniform Civil Code: আদিবাসীদের জন্য বিজেপির উন্নয়নকাজের খতিয়ান দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে। তিনি বলেন, "কংগ্রেস কখনও আদিবাসী মহিলাকে দেশের রাষ্ট্রপতি করেনি, কিন্তু মোদীজি সেই পরিবর্তন করেছেন এবং দ্রৌপদী মুর্মু দেশের প্রথম নাগরিক হয়েছেন।" 

Amit Shah on UCC: চার বার বিয়ের সুযোগ পাবে না..., অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের
অসমে নির্বাচনী প্রচারে অমিত শাহ।Image Credit source: PTI

|

Apr 03, 2026 | 6:05 PM

গুয়াহাটি: দেশের মধ্য়ে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালু হয়েছে। অসম দ্বিতীয় রাজ্য হতে চলেছে? এমনটাই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অসমের গোয়ালপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করবে যে অনুপ্রবেশকারীরা যাতে চারবার বিয়ে করতে না পারে।  

এ দিন নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আদিবাসী উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি করেছেন। বিজেপি আবার ক্ষমতায় ফিরলেই তা কার্যকর হবে।

আদিবাসীদের জন্য বিজেপির উন্নয়নকাজের খতিয়ান দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে। তিনি বলেন, “কংগ্রেস কখনও আদিবাসী মহিলাকে দেশের রাষ্ট্রপতি করেনি, কিন্তু মোদীজি সেই পরিবর্তন করেছেন এবং দ্রৌপদী মুর্মু দেশের প্রথম নাগরিক হয়েছেন।”

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রথমেই জানান যে আদিবাসী এলাকাগুলিতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে না। সম্প্রতি মেঘালয়ে অনুপ্রবেশকে কেন্দ্র করে যে অশান্তি তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি বলেন, “আদিবাসী মহিলাদের বিয়ে করে অনুপ্রবেশকারীরা গারো হিলস স্বশাসিত জেলা কাউন্সিলের নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। সেখান থেকেই অশান্তির সৃষ্টি হয়।”

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধিতে বহুগামিতা নিষিদ্ধ করা হয়েছে। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। লিভ ইন সম্পর্কে জন্মানো সন্তানকে বৈধ সন্তান বলেই স্বীকৃতি দেওয়া হবে।

অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপির কঠোর অবস্থান স্পষ্ট করে অমিত শাহ বলেন যে ভোট দিয়ে বিজেপিকে যদি ফের ক্ষমতায় আনা হয়, তাহলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তিনি বলেন, “অসমে আমাদের পাঁচ বছর দিন, আমরা রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের উৎখাত করব এবং সবাইকে ফেরত পাঠাবো। অভিন্ন দেওয়ানি বিধিতে নিশ্চিত করা হবে যে অনুপ্রবেশকারীরা যাতে চার বার বিয়ে করতে না পারে।”  

তিনি আরও বলেন, “আমরা অসমে শান্তি এনেছি। যদি কংগ্রেস কয়েকটা আসনেও জয়ী হয়, তাহলে রাজ্য আবার অস্থিরতার মুখে পড়বে।”

আগামী ৯ এপ্রিল অসমে বিধানসভা নির্বাচন। আগামী ৪ মে নির্বাচনের ফল প্রকাশ হবে।

Follow Us