AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জুবিন গর্গের জীবন এবার বড়পর্দায়, ছবিতে জুবিনেরই গান থাকছে!

প্রয়াত জুবিন গর্গকে নিয়ে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’ তৈরি হচ্ছে। ছবির গল্প, সঙ্গীত ও পরিচালনা সব কিছুরই দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। ছবিটির প্রযোজক এমডি ফারুক উদ্দিন। ‘লাভ ইউ জুবিনদা’-র গল্পের কেন্দ্রে রয়েছে বিশাল, একজন সংগ্রামী গায়ক। ছোটবেলা থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুবিন গর্গ।

জুবিন গর্গের জীবন এবার বড়পর্দায়, ছবিতে জুবিনেরই গান থাকছে!
| Updated on: Jun 27, 2026 | 12:21 PM
Share

প্রয়াত জুবিন গর্গকে নিয়ে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’ তৈরি হচ্ছে। ছবির গল্প, সঙ্গীত ও পরিচালনা সব কিছুরই দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। ছবিটির প্রযোজক এমডি ফারুক উদ্দিন। ‘লাভ ইউ জুবিনদা’-র গল্পের কেন্দ্রে রয়েছে বিশাল, একজন সংগ্রামী গায়ক। ছোটবেলা থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুবিন গর্গ। বহুবার চেষ্টা করেও প্রিয় শিল্পীর সঙ্গে দেখা করার সুযোগ হয় না তাঁর। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে যখন সে সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখনই জীবনে আসে এক অপ্রত্যাশিত সংকট। একদিকে শৈশবের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, অন্যদিকে জীবনের কঠিন পরিস্থিতি—এই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ছবির কাহিনি। এই ছবির অন্যতম বিশেষ আকর্ষণ হল জুবিন গর্গের দু’ টি অপ্রকাশিত গান, যা প্রথমবারের মতো এই ছবির মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে আসবে। নির্মাতাদের বিশ্বাস, এই গান দু’ টি ছবির আবেগকে আরও সমৃদ্ধ করবে এবং দর্শকদের জন্য হয়ে উঠবে এক বিশেষ প্রাপ্তি।

Saheb Bhattacharyya Talks About Serial Katha 2026 06 27t114438.123 পরিচালক শ্রী প্রীতম বললেন, “২০১১ সাল থেকে মিউজিক ডিরেক্টর হিসেবে টলিউডে জুবিনদার সঙ্গে বহু গান করার সৌভাগ্য হয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে তাঁকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। সেই ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই ছবির ভাবনা। গল্পটি প্রযোজক এমডি ফারুক উদ্দিনকে শোনানোর পর তিনি সঙ্গে সঙ্গেই ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেন। এরপর গরিমাদির কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কাজ শুরু হয়। জুবিনদার দু’ টি অপ্রকাশিত গান এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ। পুরো ছবির মাধ্যমে আমি তাঁকে শ্রদ্ধা জানানোর আন্তরিক চেষ্টা করেছি।”

Saheb Bhattacharyya Talks About Serial Katha 2026 06 27t114156.263 এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন বর্ষা সেনগুপ্ত। তিনি বলেন, “শ্রী প্রীতমের মাধ্যমে জুবিনদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তাঁর স্নেহ, ভালোবাসা এবং একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান। এই ছবির পরিকল্পনা থেকে শুরু করে চিত্রনাট্য লেখা পর্যন্ত প্রতিটি ধাপের আমি সাক্ষী। এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। একই সঙ্গে দায়িত্বও অনেক বেড়েছে। গরিমাদির কাছ থেকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছি।” ছবির নায়ক ইকবাল রহিমি বলেন, “জুবিন গর্গ শুধু একজন শিল্পী নন, তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তাঁর নামের সঙ্গে অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এমন একটি ছবির অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।” ‘লাভ ইউ জুবিনদা’ ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে বর্ষা সেনগুপ্ত এবং ইকবাল রহিমিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। এই ছবির পোস্টার লঞ্চ হবে অসমের গুয়াহাটিতে, জুবিন গর্গ এর স্ত্রী গরিমা গর্গ এর হাত ধরে।

Follow Us