Aamir Khan marriage: ৩ বউয়ের জন্য একটাই প্রাসাদ বানাচ্ছেন আমির! অথচ কেন বিয়েতেই এলেন না প্রাক্তনরা? ফাঁস হল কারণ
Aamir Khan Gauri Spratt wedding: তিন বউয়ের জন্য কি একই ছাদের তলায় থাকার ব্যবস্থা করছেন আমির খান। পালি হিলের নতুন বাড়ি নিয়ে জল্পনার মাঝেই ফাঁস হল আমিরের বিয়েতে রীনা ও কিরণের না আসার আসল কারণ।

তৃতীয় বিয়ে নিয়ে খবরের শিরোনামে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan) । গত ৫ জুলাই দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে চার হাত এক হয়েছে তাঁর। মুম্বইয়ের বাড়িতে অত্যন্ত গোপনে সই-সাবুদ করে বিয়ে সারেন অভিনেতা। কিন্তু ছাদনাতলার ছবি ও ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ার নজর কাড়ে অন্য একটি বিষয়। আমিরের জীবনের এই বড় দিনে কেন দেখা মিলল না তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাওয়ের? অবশেষে সেই রহস্যের পর্দা ফাঁস করলেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু তথা ‘লগান’ ছবির সহ-অভিনেতা আমিন হাজি।
বিয়ে মিটে গেলেও অনুরাগীদের মনে কৌতূহল কিন্তু কমছিল না। বিশেষ করে যেখানে মেয়ে ইরা খানের বিয়েতে কিরণ রাওকে সামনের সারিতে নাচতে দেখা গিয়েছিল, সেখানে আমিরের বিয়েতে তিনি কেন গরহাজির? আমিন হাজি স্পষ্ট জানিয়েছেন, কিরণ সেই সময় কাজের সূত্রে ব্রিটেনে (UK) ছিলেন। তবে মায়ের অনুপস্থিতি ঢাকতে তাঁদের সন্তান আজাদ কিন্তু ঠিক সময়েই মুম্বই উড়ে এসে বাবার পাশে দাঁড়িয়েছিল।
তাহলে রীনা দত্ত কেন এলেন না? এই প্রসঙ্গে আমিন বলেছেন যে কিছু অনুপস্থিতি আসলে অত্যন্ত স্বাভাবিক এবং সম্মানজনক। তিনি বলেন, “কাউকে তাঁর ব্যক্তিগত স্পেস দেওয়াটাও এক ধরনের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ। এত বড় একটা অনুষ্ঠানে কেউ যাতে সামান্যতম অস্বস্তিতে না পড়েন, সেটাই হয়তো লক্ষ্য ছিল। তবে তাঁদের পারস্পরিক সম্পর্ক এখনও দারুণ।” উল্লেখ্য, বিচ্ছেদ হয়ে গেলেও আমির, কিরণ এবং রীনা এখনও ‘পানি ফাউন্ডেশন’-এর কাজের জন্য পেশাদার স্তরে একসঙ্গে কাঁধ মিলিয়ে চলছেন।
কথাপ্রসঙ্গে আমিরের জীবনের তিন নারীর চরিত্রের ভিন্ন দিকও তুলে ধরেন আমিন। রীনাকে তিনি আমিরের জীবনের ‘পাথর’ বা শক্ত স্তম্ভ বলে উল্লেখ করেন, যিনি কঠিন সময়ে ‘লগান’ প্রযোজনা করেছিলেন। অন্যদিকে কিরণ রাওয়ের বুদ্ধিমত্তা এবং সহানুভূতির প্রশংসা করেন তিনি। আর নতুন বউ গৌরী স্প্র্যাট? আমিরের বন্ধু জানান, গৌরী একেবারেই মাটির মানুষ। প্রকৃতির মাঝে হাঁটতে ভালোবাসেন, জীবনযাত্রাও ভীষণ ছিমছাম। সফল ব্যবসায়ী হওয়া সত্ত্বেও নিজের সাফল্য নিয়ে কোনও ঢাকঢোল পেটান না তিনি। সবচেয়ে বড় কথা, গৌরীর ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগীয় বুদ্ধিমত্তা প্রবল। তিনি যে কোনও মতামত দেওয়ার আগে সবার কথা মন দিয়ে শোনেন। আমিরের এই নতুন ইনিংস এবং প্রাক্তনদের সঙ্গে তাঁর এই সুস্থ সমীকরণ বেশ পছন্দ করেন আমির ভক্তরা।
বর্তমানে মুম্বইয়ের অভিজাত এলাকা পালি হিলে এক বিশাল ‘মাল্টি-জেনারেশনাল’ বা বহুতল যৌথ পারিবারিক বাসভবন তৈরির পরিকল্পনা করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বর্তমানে সেখানে একটি পুনর্নির্মাণ (Redevelopment) প্রকল্প চলছে এবং এটি সম্পন্ন হলে অভিনেতার পুরো পরিবার একই ছাদের নিচে বসবাস করবে। অর্থাৎ প্রথম স্ত্রী রিনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (দুই জনেই এখন প্রাক্তন) এবং তৃতীয় স্ত্রী গৌরীকে নিয়েই থাকতে চলেছেন আমির!
