Gauri Spratt First Marriage: পেশায় অভিনেতা, ১০ বছরের বৈবাহিক জীবন! আমিরের স্ত্রী গৌরীর প্রাক্তন স্বামীকে চেনেন?
Aamir Khan third marriage: আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে তুমুল চর্চার মাঝেই স্পটলাইটে তাঁর নতুন স্ত্রী গৌরী স্প্র্যাট। গৌরীর প্রথম স্বামী কে এবং কী করেন তিনি? জেনে নিন তাঁদের ১০ বছরের সংসার ও একমাত্র সন্তানকে নিয়ে কিছু অজানা তথ্য।

বলিউড মেগাস্টার আমির খান (Aamir Khan) ফের একবার বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিয়েছেন। ৫ জুলাই পালি হিলের নিজের বাড়িতে দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সই-সাবুদ করে আইনি বিয়ে সেরেছেন ৬১ বছর বয়সী অভিনেতা। এই ঘরোয়া অনুষ্ঠানে আমিরের পাশে হাজির ছিলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও-ও। তবে আমিরের এই তৃতীয় বিয়ের পর থেকেই নেটপাড়ার যাবতীয় কৌতুহল এখন নতুন কনে গৌরীকে নিয়ে। গৌরীর এটি দ্বিতীয় বিয়ে। স্বাভাবিকভাবেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, কে এই গৌরী স্প্র্যাট? আর তাঁর প্রাক্তন স্বামীই বা কে?
খোঁজ নিয়ে জানা গিয়েছে, গৌরীর প্রাক্তন স্বামীর নাম কুনাল স্প্র্যাট (Kunal Spratt)। বিনোদন দুনিয়া এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গেই যুক্ত কুনাল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি পেশায় একজন মডেল এবং অভিনেতা। পেশাগত সূত্রে দুজনেই ক্রিয়েটিভ জগতের মানুষ ছিলেন। গৌরী নিজে একজন নামী ক্রিয়েটিভ কনসালট্যান্ট। ২০১০ সালে কুনাল ও গৌরীর চার হাত এক হয়েছিল। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে সংসার করেছেন। বিভিন্ন ফ্যাশন শো এবং হাই-প্রোফাইল ইভেন্টেও তাঁদের একসঙ্গে দেখা যেত।
২০১৯ সালে এই দম্পতির কোল আলো করে আসে এক পুত্রসন্তান। ভালোবেসে তাঁরা ছেলের নাম রাখেন কুইন স্প্র্যাট (Quinn Spratt)। তবে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় একসঙ্গে কাটানোর পর, দাম্পত্যে ফাটল ধরে কুনাল ও গৌরীর। ২০২৩ সালে আইনিভাবে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বিচ্ছেদের সময় ছোট্ট কুইনের বয়স ছিল মাত্র চার বছর। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা যৌথ অভিভাবকত্ব বা ‘কো-প্যারেন্টিং’-এর সিদ্ধান্ত নেন। বর্তমানে ৭ বছরের কুইনকে দুজনেই সমানভাবে বড় করে তুলছেন।
গৌরী তাঁর ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। এমনকি সোশাল মিডিয়াতেও তিনি বা তাঁর প্রাক্তন স্বামী খুব একটা সক্রিয় নন। ২০২৫ সালে আমিরের ৬০ বছরের জন্মদিনের পার্টিতে প্রথমবার গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেতা। তারপর থেকে মাঝেমাঝেই তাঁদের একসঙ্গে দেখা যেত। অবশেষে গতকাল প্রাক্তন স্ত্রীদের উপস্থিতিতেই নতুন জীবনের অধ্যায় শুরু করলেন আমির ও গৌরী।

